আসছে পহেলা বৈশাখে মুক্তি পাচ্ছে আলোচিত মডেল-অভিনেত্রী পিয়া বিপাশা অভিনীত ও শুভাশীষ রায়ের রচনা এবং পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ”কাটুস কুটুস”।
এ প্রসঙ্গে পিয়া বিপাশা বললেন,”আধুনিক তরুণ-তরুণীর প্রেমের বাস্তবতা এবং সামাজিক প্রতিক্রিয়া নিয়ে নির্মিত এ ছবিটি। পহেলা বৈশাখের মত একটি সার্বজনীন উত্সবে আমার অভিনীত এই ছবিটি মুক্তি পেতে যাচ্ছে জেনে ভালো লাগছে। এই ভালো লাগা আরো বাড়বে যখন দর্শকরা ছবিটিকে গ্রহণ করবেন।” ছবিটিতে পিয়া বিপাশার বিপরীতে অভিনয় করেছেন মনোজ কুমার। ছবিটির পরিচালক সুত্রে জানা গেছে মুক্তির দিন রাজশাহী, রংপুর, দিনাজপুর, বগুড়া, সিরাজগঞ্জ, ঝিনাইদহ, খুলনাসহ বেশ কয়েকটি স্থানে চলচ্চিত্রটি প্রদর্শন করা হবে। এছাড়াও পহেলা বৈশাখের পরেও ছবিটি আগামী তিন মাস ধরে দেশের বিভিন্ন জেলা ও থানা শহরে প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১২ এপ্রিল সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে ছবিটির প্রাক-প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
