নিষেধাজ্ঞা থেকে গেইলের রক্ষা

0

স্পোর্টস ডেস্ক :: বিগ ব্যাশে টেলিভিশন সাক্ষাৎকার দিতে গিয়ে নারী সাংবাদিকের প্রতি অযাচিত মন্তব্য করে ফেঁসেছেন ক্রিস গেইল। ব্যাপারটা এতটাই ক্ষুব্ধতা ছড়িয়েছে যে বড় ধরনের শাস্তিই সামনে দেখতে পাচ্ছিলেন তিনি। শাস্তি গেইলের হচ্ছে ঠিকই, তবে সেটা যাচ্ছে জরিমানার ওপর দিয়েই। আপাতত নিষেধাজ্ঞার হাত থেকে রেহাই পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেট তারকা।

গেইলের জরিমানা হচ্ছে তাঁর বিগব্যাশ ফ্র্যাঞ্চাইজি মেলবোর্ন রেনেগেডসের তরফ থেকেই। আপাতত তাঁকে সাত হাজার মার্কিন ডলার দণ্ড দিতে হচ্ছে। তবে তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে। ভবিষ্যতে এ ধরনের কিছু করলে শাস্তি হবে বেশ বড় ধরনেরই।

গেইলকে জরিমানার শাস্তি দিতে গিয়ে মেলবোর্ন রেনেগডসে তাঁর সাম্প্রতিক আচরণ বিবেচনায় আনা হয়েছে। সেই আচরণ ভালো হওয়াতেই আপাতত জরিমানা দিয়েই পার পাচ্ছেন তিনি। ফ্র্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী স্টুয়ার্ট কভেন্ট্রি মঙ্গলবার গেইলের জরিমানার ঘোষণা দিয়ে বলেন, ‘গত চার-পাঁচ সপ্তাহ ধরে গেইল রেনেগেডসের হয়ে খেলছেন। এই সময় তাঁর আচরণ ছিল দারুণ। এসব বিবেচনা করে আমরা তাঁকে কেবল জরিমানা করারই সিদ্ধান্ত নিয়েছি।’

গেইলের এমন আচরণকে ‘অনভিপ্রেত’ বললেও সংস্কৃতির পার্থক্যের কারণেই এমনটা হয়েছে বলে দাবি কভেন্ট্রির, ‘সংস্কৃতির পার্থক্য তো আছেই। সে ঠাট্টা করেই কথাগুলো বলেছে, কিন্তু কথাগুলো ছিল অনভিপ্রেত।’

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী সাদারল্যান্ড বলেছেন, ‘এমন আচরণ আবার করলে গেইলকে অবশ্যই আরও কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি মনে করি সাক্ষাৎকারে ওই সব কথা বলে গেইল সাংঘাতিক অন্যায় করেছে। আমরা অস্ট্রেলিয়ায় খেলাটিকে সর্বজনীন করার জন্য কঠিন পরিশ্রম করে যাচ্ছি। আমাদের লক্ষ্য ব্যাহত করে, এমন কোনো কিছুকেই আমরা সহ্য করব না।’ সূত্র: হেরাল্ড সান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.