বিনোদন ডেস্ক :: মুক্তির ১৬ দিন পেরুনোর পর গত বছরের সবচেয়ে ব্যবসাসফল সিনেমার তালিকায় শীর্ষ তিনে স্থান করে নিলো ‘বাজিরাও মাস্তানি’। ‘তানু ওয়েডস মানু রিটার্নস’কে হারিয়ে এখন তৃতীয় অবস্থানে আছে রানভির সিং-দিপিকা পাড়ুকোন-প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত সিনেমাটি।
শাহরুখ খান ও কাজলের ফেরার সিনেমা ‘দিলওয়ালে’র সঙ্গে একই দিনে মুক্তি পাওয়ায় বক্স-অফিস তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হতে হয় সিনেমাটিকে। শুরুর দিনগুলোতে অনেকটা পিছিয়ে থাকলেও ধীর কিন্তু স্থির কচ্ছপের মতোই ‘দিলওয়ালে’ নামক খরগোশটিকে হারিয়ে দিয়েছে ‘বাজিরাও মাস্তানি’।
প্রথম সপ্তাহে ‘বাজিরাও মাস্তানি’ আয় করে ৮৬ কোটি ১৫ লাখ রুপি, পরের সপ্তাহে সংগ্রহ করে ৫৫ কোটি ৭০ লাখ। ১৪ দিনে ভারতে মোট ১৪১ কোটি ৮৫ লাখ রুপি আয় করেছে সিনেমাটি।
নতুন বছরের প্রথম সপ্তাহে মুক্তি পাচ্ছে না আর কোনো বড় বাজেটের সিনেমা, তাই এ সপ্তাহটিও থাকবে ‘বাজিরাও মাস্তানি’র হাতেই। বাণিজ্য বিশ্লেষকরা বলছেন, প্রত্যাশা অনুযায়ী ১ জানুয়ারি জমজমাট ব্যবসা করেছে সিনেমাটি। সব মিলিয়ে ১৬ দিন শেষে এখন ‘বাজিরাও মাস্তানি’র হাতে আছে ১৫৫ কোটি রুপি।
এর মাধ্যমে ‘বাজিরাও মাস্তানি’ পরিণত হয়েছে ২০১৫ সাল মুক্তি পাওয়া চতুর্থ সিনেমায়, যা ছাড়িয়েছে ১৫০ কোটি রুপির মাত্রা। ‘তানু ওয়েডস মানু রিটার্নস’-এর মোট আয়কেও ছাড়িয়ে গেছে ‘বাজিরাও মাস্তানি’। ১৫০ কোটি ৭৭ লাখ রুপি আয় করেছে কাঙ্গানা রানাওয়াতের সিনেমাটি।
এখন সালমান খানের দুই সিনেমা ‘বাজরাঙ্গি ভাইজান’ এবং ‘প্রেম রাতান ধান পায়ো’র পরেই অবস্থান ‘বাজিরাও মাস্তানি’র। ১৮ ডিসেম্বর মুক্তি পাওয়া সিনেমাটি পরিচালনা করেছেন সঞ্জয় লিলা বানসালি
