স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের হয়ে ছয়টি শিরোপা জিতেছেন জিদান। সেই দলের কোচ হিসেবেও জিনেদিন জিদানের অভিষেকটা বেশ আলো ঝলমলেই হলো। ফ্রেঞ্চ কিংবদন্তির অধীনে প্রথম ম্যাচে গ্যারেথ বেলের হ্যাটট্রিক আর করিম বেনজেমার জোড়া গোলে দেপোর্তিভোকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ।
নতুন বছরের এটাই রিয়ালের প্রথম জয়। এ বছরের প্রথম ম্যাচে ভ্যালেন্সিয়ার মাঠে ২-২ গোলে ড্র করে রিয়াল। আর ওই ম্যাচের পরই রাফায়েল বেনিতেজকে সরিয়ে জিদানকে দায়িত্ব দেয় ইউরোপের অন্যতম সেরা ক্লাবটি। আর দায়িত্ব নিয়ে নিজের প্রথম পরীক্ষায় লেটার মার্ক নিয়েই পাস করলেন জিজু।
দশ বছর আগে যেখানে রিয়ালের হয়ে সর্বশেষ খেলেছিলেন, সেই সান্তিয়াগো বার্নাব্যুতেই শনিবার রাতে কোচ হিসেবে ফেরেন জিদান। লা লিগার এই ম্যাচে ঘরের মাঠে এগিয়ে যেতেও বেশি সময় লাগেনি তার দলের। ১৫ মিনিটেই স্বাগতিকদের এগিয়ে দেন বেনজেমা, উল্লাসে মাতে গোটা বার্নাব্যু। রিয়ালের জার্সিতে এটা বেনজেমার শততম গোল।
অবশ্য দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৯ মিনিট) বেল নিজের জোড়া গোলে স্কোরলাইন ৩-০ করে ফেলেন। রোনালদোর ক্রস থেকে বাঁ পায়ের নিখুঁত শটে দারুণ ফিনিশং দেন ওয়েলস উইঙ্গার। আর এই গোলের মাধ্যমে অভিষিক্ত বস জিদানেরই একটি রেকর্ড ভেঙে দিলেন বেল। রিয়ালের জার্সিতে এটা যে বেলের ৫০তম গোল (১০৮ ম্যাচে)। জিদান রিয়ালের হয়ে ২৩১ ম্যাচে গোল করেছিলেন ৪৯টি।
ম্যাচের অতিরিক্ত সময়ে বেনজেমা নিজের জোড়া গোল পূর্ণ করলে ৫-০ গোলের বিশাল জয় পায় রিয়াল। এই জয়ে ৪২ পয়েন্ট (১৮ ম্যাচে) নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমাল রিয়াল।
