দা’ওয়াতে ইসলামীর ৩ দিনের ইজতেমা’র প্রস্তুতি সভায় সিটি মেয়র

0

চট্টগ্রাম অফিস  :    কুরআন ও সুন্নাতের বিশ্বব্যাপি অরাজনৈতিক সংগঠন দা’ওয়াতে ইসলামীর ৩ দিনের ইজতেমা ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি ২০১৬খ্রি. প্রতিদিন সকাল ১০টা থেকে শুক্রবার, জুমা পর্যন্ত নগরীর বাকলিয়াস্থ নুরনগর হাউজিং সোসাইটি মাঠে অনুষ্ঠিত হবে। এ ইজতিমা’র প্রস্তুতি দেখতে ১২ জানুয়ারি ২০১৬খ্রি. মঙ্গলবার, সকালে নুরনগর ইজতেমা মাঠে যান সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন। মেয়র ইজতিমা মাঠে পৌছলে দা’ওয়াতে ইসলামীর আয়োজক নেতৃবৃন্দ মেয়রকে স্বাগত জানান। মেয়র মাঠের ব্যবস্থাপনা পরিদর্শন শেষে দা’ওয়াতে ইসলামীর দায়িত্বশীল সংগঠকদের সাথে বৈঠক করেন। বৈঠকে মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, পবিত্র কোরআন ও আল্লাহর নবীর সুন্নাত ছাড়া ইসলামে অন্য কোন পথ অবলম্বন করার সুযোগ আছে বলে আমার ধারনা নেই। পবিত্র ইসলাম শান্তির ধর্ম। এখানে হানাহানি, সংঘাত, রক্তপাত, হিংসা-বিদ্বেষ ও বৈষম্যের কোন স্থান নেই।

যারা পবিত্র ইসলামকে ব্যবহার করে জঙ্গী ও সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত তাদের বিষয়ে ধর্মপ্রাণ মুসলিমদের সজাগ ও সচেতন হতে হবে। পবিত্র ইসলাম মানবতার কল্যাণে নিবেদিত ধর্ম। মানুষের সেবা ও পবিত্র ইসলামের হুকুম আহকাম মেনে জীবন পরিচালিত হলে সমাজ, রাষ্ট্র এবং জীবনও শান্তিময় হবে। মেয়র ধর্মপ্রাণ সকলকে পবিত্র ইসলামের শিক্ষা গ্রহন, ধারন, অনুসরন ও অনুকরন করে ঈমানী দায়িত্ব পালনের আহবান জানান। বৈঠকে সিটি মেয়র ইজতেমা আয়োজনে তাঁর নিজ তহবিল থেকে একলক্ষ টাকা অনুদান প্রদান সহ সিটি কর্পোরেশনের মাধ্যমে মাঠ প্রস্তুত করণ, আলোবাতির ব্যবস্থা, সুপেয় পানি ও পরিচ্ছন্নতা সহ প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন। এ সময় প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, দা’ওয়াতে ইসলামীর সংগঠক কালাম আকতারী, জাহিদ আকতারী, সেলিম আকতারী, নোমান আকতারী, রাশেদ আকতারী, আতিক আকতারী, মোস্তাফিজ আকতারী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.