সিটিনিউজবিডি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণিকে তার শেষ ইচ্ছানুযায়ী বনানীর কবরস্থানে স্ত্রী হোসনে আরা গণির কবরে বিকালে দাফন করা হবে বলে জানিয়েছেন তার জামাতা ড. আজহারুল ইসলাম খান।
এর আগে, শুক্রবার দিনগত রাত আনুমানিক সাড়ে ১২টায় তিনি স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদিন রাতেই আল-মার্কাজুল ইসলামী হাসপাতালে গোসল করিয়ে মরদেহ স্কয়ার হাসপাতালের মর্গে রাখা হয়।
সূত্র জানায়, শুক্রবার সকাল সাড়ে ৯টায় ড. গণির মরদেহ ধানমন্ডির নিজ বাসভবনে (বাড়ি-৮২৩, রোড-৯/এ) নিয়ে সেখানে কিছুক্ষণ রাখা হবে।
পরে দুপুর সাড়ে ১২টায় ধানমন্ডির সাত মসজিদ রোডের ইদগাহ মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বাদ জুমা দুপুর আড়াইটায় নিয়ে যাওয়া হবে নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে।
সেখানে দ্বিতীয় জানাজা শেষে বিএনপি ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হবে। বিকেলে ড. গণির মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হবে।
হৃদরোগসহ বিভিন্ন সমস্যায় অসুস্থ হয়ে পড়লে বুধবার (০৬ জানুয়ারি) সকালে ধানমন্ডির স্কয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) রাতে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
