স্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচে লড়াই করে চার উইকেটের জয়। সিরিজের এগিয়ে যাওয়ার জন্য খুলনায় দ্বিতীয় টি২০ ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ। টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেটে ১৬৭ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে মাশরাফি বাহিনী।
বাংলাদেশের হয়ে সূচনাটা ভালোই করেন দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। শুরু থেকেই জিম্বাবুয়েন বোলারদের উপর চড়াও হয়ে খেলতে শুরু করেন তারা। এই জুটি থেকে আসে ৪৫ রান। তবে মুজারাবানিকে উঠিয়ে মারতে গিয়ে ভিটরির হাতে তালুবন্দী হন তামিম ইকবাল। সাজঘরে ফেরার আগে করেন যান ১৭ বলে তিন চার ও এক ছয়ে ২৩ রান।
তামিম বিদায় নিলেও সৌম্য শাসন করেছেন একাই প্রতিপক্ষের বোলারদের। তবে দলীয় ৭৫ রানের মাথায় তাকে থামায় ক্রেমার। ছক্কা হাঁকাতে গিয়ে ওয়ালারের হাতে ক্যাচ দেন সৌম্য। তবে যাওয়ার আগে ৩৩ বলে করে যান ৪৩ রানের ঝলমলে ইনিংস। যেখানে ছিল চারটি চার ও তিনটি ছক্কার মার।
তবে প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও সুপার ফ্লপ মাহমুদুল্লাহ রিয়াদ। মাত্র এক রান করে তিনি ফেরেন সাজঘরে। বল খরচ করেছেন তিনটি। বড় ইনিংস হয়তো খেলতে পারতেন মুশফিকুর রহীম। তবে হ্যামস্ট্রিংযের চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে। আহত মুশফিককে মাঠের বাইরে নিয়ে আসেন সাকিব। ২০ বলে ২৪ রান করেন তিনি।
শেষ পর্যন্ত ব্যাটিং করেছেন সাব্বির রহমান ও সাকিব আল হাসান। ৩০ বলে এক চার ও তিন ছয়ে ৪৩ রানে অপরাজিত থাকেন সাব্বির রহমান। অন্যদিকে সাকিব আল হাসান ১৭ বলে থাকেন ২৭ রানে অপরাজিত। এর মধ্যে ছিল দুটি চার ও একটি ছক্কার মার। জিম্বাবুয়ের হয়ে মুজারাবানি, ক্রেমার ও ওয়েলিংটন মাসাকাদজা একটি করে উইকেট লাভ করেন।
দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের একাদশে কোন পরিবর্তন নেই। তবে জিম্বাবুয়ে একাদশ তিনটি পরিবর্তন রয়েছে। এই ম্যাচে খেলছেন না নিয়মিত অধিনায়ক এলটন চিগুম্বুরা। তার পরিবর্তে ম্যাচে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ওপেনার হ্যামিল্টন মাসাদাকাদজা। একাদশে নেই সিনিয়র অলরাউন্ডার সিকান্দার রাজা ও পেসার লুক জংউই। এদের পরিবর্তে খেলছেন নেভিল মাদজিভা, ওয়েলিংটন মাসাকাদজা ও তাউরি মুজারাবানি।
