পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে সুচিত্রা স্মরণ

0

বিনোদন ডেস্ক : স্মরণসভা-প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে পাবনায় পালিত হলো বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের দ্বিতীয় প্রয়াণ দিবস। রোববার দুপুর ১২টায় সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের উদ্যোগে পাবনা প্রেস ক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্বাধীন মজুমদারের সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য দেন সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এম সাইদুল হক, সাধারণ সম্পাদক ডা. রাম দুলাল ভৌমিক, প্রেস ক্লাবের সভাপতি রবিউল ইসলাম রবি, শিক্ষাবিদ ও অধ্যাপক শিবজিৎ নাগ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন ড. এম আবদুল আলীম, ছাত্র উপদেষ্টা ড. হাবিবুল্লাহ, পাবনা অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর সম্পাদক আব্দুল মতীন খান, সাংবাদিক এবিএম ফজলুর রহমান, পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মেহের সুলতানা, পাবনা ড্রামা সার্কেলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রাসেলসহ আরও অনেকে।

স্মরণসভার বক্তাদের দাবী, জেলা প্রশাসন মহান মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী জামাতের রাহু থেকে দেড় বছর অতিক্রান্ত হলো সুচিত্রা সেনের পৈত্রিক নিবাসটি উদ্ধারের। কিন্তু আজও সেখানে কোনো কিছু করা হয়নি-এতে আহত বোধ করছেন পাবনার সর্বস্তরের মানুষ। সরকার পাবনাবাসীর স্বপ্ন বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে-এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয় স্মরণ সভায়।

এদিকে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি, জেলা পরিষদ প্রশাসক এম সাইদুল হক চুন্নু তার বক্তব্যে বলেন, ‘পরিষদ গত তিন বছর সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব করতে পারেনি। গত দুই বছর ছিলো দেশের রাজনৈতিক অস্থিরতা। আর এবারের চলচ্চিত্র স্থানীয় পর্যায় থেকে বের হয়ে জাতীয় ভাবে অর্থাৎ সরকারি পৃষ্ঠপোষকতায় উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।সংস্কৃতি মন্ত্রনালয়, তথ্য মন্ত্রণালয়, জেলা প্রশাসন ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ যৌথভাবেই পালন করবে। ইতোমধ্যে তিনটি প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। এখন সরকারি চিঠিটা হাতে পৌঁছানোর অপেক্ষা মাত্র।’

উল্লেখ্য, সুচিত্রা সেনের দ্বিতীয় প্রয়াণ দিবস উপলক্ষ্যে আয়োজিত স্মরণ সভায় মহানায়িকার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন ও তার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.