চট্টগ্রাম অফিস, সিটিনিউজবিডি : ঢাকা ও চট্টগ্রামে অভিযান চালিয়ে ২৮ লাখ পিস ইয়াবা বড়িসহ তিনজনকে আটক করেছে র্যাব-৭। এসময় একটি মাছ ধরার কাঠের ট্রলারও জব্দ করা হয়েছে। যেটিকে বাংলাদেশের ইতিহাসে ইয়াবার সর্ববৃহৎ চালান আটক বলে দাবি করছেন র্যাব কর্মকর্তারা।
চট্টগ্রামের পতেঙ্গা ও ঢাকা বিমান বন্দর রেল স্টেশন এলাকায় রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং ২৮ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। সোমবার সকালে র্যাবের পক্ষ থেকে পাঠানো মুঠোফোনের খুদেবার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, দেশের ইতিহাসে এটিই সবচেয়ে বড় ইয়াবা চালান আটকের ঘটনা।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সিইও লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ জানান, ‘গতকাল দিনে চট্টগ্রামের পতেঙ্গা থেকে একটি মাছ ধরার ট্রলারসহ আলী আহমেদ নামে একজনকে বেশ কিছু ইয়াবাসহ আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের পর তার দেয়া তথ্যে রোববার রাতে তারা এই অভিযান চালায়।
এদিকে র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আমীরুল্লাহ বলেন, র্যাবের দেওয়া তথ্য মতে আটককৃত মাদক চোরাচালান চক্রের প্রধানের নাম আলী আহমেদ। অন্য দুজনও ইয়াবার বড় ব্যবসায়ী। তবে তাদের নাম এখনও জানানো হয়নি। ‘ইয়াবা চালানের বিষয় নিয়ে বিস্তারিত জানাতে সকাল ১১টায় ঢাকা র্যাব সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।’
