রাব্বীর অভিযোগ মামলা হিসেবে গ্রহণের নির্দেশ

0

সিটিনিউজবিডি : বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বীকে নির্যাতনের ঘটনায় এস আই মাসুদের বিরুদ্ধে দেয়া লিখিত অভিযোগ মামলার এজাহার হিসেবে গ্রহণ করতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে গোলাম রাব্বীকে আটক ও নির্যাতনের ঘটনা কেন বেআইনী ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুলও জারি করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

এর আগে গতকাল রাব্বীকে নির্যাতনের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত ও তিন কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। আইনজীবী এহসানুর রহমান,জুলফিকার আলী জুনু ও রাব্বীর বন্ধু সাংবাদিক জাহিদ হাসান এ আবেদন করেন।

রিট আবেদনে, গোলাম রাব্বীকে নির্যাতন কেন অবৈধ ঘোষণা করা হবে না, রাব্বীর অভিযোগ এজাহার হিসেবে নেওয়া এবং এস আই মাসুদ সিকদারকে কেন গ্রেফতার করা হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়।

স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশের কমিশনার, তেজগাঁও জোনের উপ-কমিশনার, মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মোহাম্মদপুর থানার এস আই মাসুদ সিকদার ও জাতীয় মানবাধিকার কমিশনকে রিটে বিবাদী করা হয়।

গত ৯ জানুয়ারি রাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক গোলাম রাব্বীকে আটক করেন মোহাম্মদপুর থানার উপ পরিদর্শক (এসআই) মাসুদ শিকদারসহ কয়েকজন পুলিশ সদস্য।

তারা রাব্বীকে ইয়াবা ব্যবসায়ী-সেবনকারী বানানোর ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা আদায়ের চেষ্টা করেন। এরপর অনেক রাত পর্যন্ত তাকে নিয়ে মোহাম্মদপুরের বিভিন্ন রাস্তায় ঘুরে বেড়ান এবং মারধর করেন। এমনকি তাকে বেড়িবাঁধে নিয়ে ক্রসফায়ারে হত্যার হুমকিও দেন।

পরদিন সকালে এ বিষয়ে মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ করেন রাব্বী। তবে নির্যাতনের ঘটনার সাতদিন পার হলেও সেটি এখনও মামলা হিসেবে রুজু করেনি থানা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.