স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু গোল্ড কাপ ফাইনালে মুখোমুখি হচ্ছে নেপাল-বাহরাইন। শুক্রবার বিকেল ৫টায় বঙ্গবন্ধু স্টেডিয়াম মাঠে নামবে তারা। বঙ্গবন্ধু গোল্ড কাপের শিরোপা জয়ই তাদের লক্ষ্য। ম্যাচ শেষে বিজয়ী ও বিজীত দলের মধ্যে পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ম্যাচের আগের দিন দুই দলই ফাইনাল ম্যাচ নিয়ে কথা বলেছেন। দল দুটি নিজেদের জয় নিয়ে বেশ আশাবাদী।
নেপাল দীর্ঘ ১৭ বছরের খরা বঙ্গবন্ধু গোল্ড কাপের শিরোপা দিয়েই কাটাতে চাইছে। ১৭ বছর পর এবারই প্রথম তারা কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠেছে। আর তাইতো বাহরাইনের থেকে নেপালের শিরোপা জয়ের গুরুত্ব অনেক বেশি।
নেপালের কোচ বালগোপাল মহারাজ বলেছেন, ‘দলের ফুটবলারদের নিয়ে আমরা আশাবাদী। জয়ের লক্ষ্য নিয়েই আমরা খেলব। আর লক্ষ্যে পৌঁছাতে হলে আমাদের সেরা খেলাই খেলতে হবে।’
অন্যদিকে বাহরাইনও তাদের সেরা পারফরম্যান্স প্রদর্শনের অপেক্ষায় আছে। বাহরাইনের সহকারী কোচ ড. আবু নসর বলেছেন, ‘নেপালের বিপক্ষে আমরা কঠিন লড়াই করার জন্য প্রস্তুত আছি। ফাইনাল ম্যাচে শিরোপা জয় ব্যতীত ফুটবলারদের অন্য কোনো চিন্তা মাথায় নেই।’
তাছাড়াও দলের কোনো খেলোয়াড় এই মুহূর্তে ইনজুরিতে ভুগছেন না বলে জানিয়েছেন তিনি। আর তিন দিনের বিশ্রামে সবাই নিজেদের শতভাগ ফিট করে নিয়েছেন।
চ্যাম্পিয়ন দল পাবে ২১ ভরি স্বর্ণ দিয়ে তৈরি বঙ্গবন্ধু গোল্ড কাপের রেপ্লিকা এবং ৫০ হাজার মার্কিন ডলার।
আর রানার্সআপ দল পাবে রানারআপ ট্রফি এবং ২৫ হাজার মার্কিন ডলার।
দু’দলই তাদের সেরাটা নিয়ে অপেক্ষায় আছে আজকের ম্যাচের। তাদের সাথে অপেক্ষায় আছেন ফুটবলের ভক্তরাও। এখন শুধুই দেখার পালা কার ঘরে যায় এবারের বঙ্গবন্ধু গোল্ড কাপের শিরোপা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে সরাসরি খেলাটি সম্প্রচার করবে চ্যানেল নাইন। বাংলাদেশ বেতার ধারাবিবরণী প্রচার করবে মাঠ থেকে।
ফাইনাল ম্যাচটির জন্য গ্যালারি টিকেট মূল্য ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে এবং ভিআইপি ৩০০ টাকা। তাছাড়াও স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা তাদের আইডি কার্ড প্রদর্শন করে পাঁচ নম্বর গেট দিয়ে গ্যালারিতে প্রবশ করতে পারবে।
