সিটিনিউজবিডি : কুষ্টিয়া জেলার ভেড়ামারায় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠন থেকে সম্প্রতি পদত্যাগ করা ৫০০ নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদে যোগদান করেছেন।
এ উপলক্ষে রবিবার রাতে ভেড়ামারা উপজেলা জাসদ কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জাসদের সভাপতি এমদাদুল হক আতার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এসএম আনছার আলী প্রমুখ।
এ সময় দল থেকে পদত্যাগ করা ভেড়ামারা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক বসির উদ্দিন বাচ্চু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার-উল আজিম বাবু, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সামছুল হক, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, পৌর যুবদলের আহ্বায়ক মজিবর রহমান বাবু মণ্ডলের নেতৃত্বে পাঁচ শতাধিক নেতাকর্মী, প্রধান অতিথি আব্দুল আলীম স্বপনের হাতে ফুল দিয়ে জাসদে যোগদান করেন।
উল্লেখ্য, পৌরসভা নির্বাচনে দলের মনোনীত মেয়র প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ তুলে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক শহীদুল ইসলাম ও তার ভাই জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকট তৌহিদুল ইসলাম আলমের উপর ক্ষুব্ধ হয়ে ১০ জানুয়ারি এসব নেতাকর্মী দল থেকে পদত্যাগ করেন।
