শান্তিপূর্ণভাবে এসএসসি প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত

0

শিক্ষাঙ্গণ, চট্টগ্রাম: চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে ১৬৯টি কেন্দ্রে অনুষ্ঠিত প্রথমদিনের এসএসসি ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় শুরু হয়ে দুপুর একটায় পরীক্ষা শেষ হয়।

প্রথম দিন এসএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র এবং বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথম পত্রের পরীক্ষায় অংশ নেয় শিক্ষার্থীরা। মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে কুরআন মাজিদ ও তাজবীদ এবং এসএসসি ভোকেশনালে বাংলা-২ (১৯২১) (সৃজনশীল) ও বাংলা-২ (৮১২১) (সৃজনশীল) ও দাখিল ভোকেশনালে বাংলা-২ (১৭২১) (সৃজনশীল) পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এদিকে পরীক্ষা শুরুর পর নগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার রুহুল আমিন ও জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। এসময় পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্র পরিদর্শদের সতর্ক থাকার পরামর্শ দেন তারা।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান জানান, সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে প্রথমদিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। এছাড়া পরীক্ষার সময় আমাদের ৬০টি সাধারণ ভিজিল্যান্স টিমের পাশাপাশি ১২টি বিশেষ ভিজিল্যান্স টিম বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছে।

শিক্ষাবোর্ড সূত্র জানায়, এবছর বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১২ হাজার ৯৫৯ জন। এর মধ্যে ৫২ হাজার ৬৬ জন ছাত্র এবং ৬০ হাজার ৮৯৩ জন ছাত্রী। এবার বিজ্ঞান বিভাগ থেকে ২৪ হাজার ৫৭১ জন, মানবিক থেকে ৩০ হাজার ৬৮৮ জন এবং ব্যবসায় শিক্ষা থেকে ৫৭ হাজার ৭০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।

এছাড়া এবছর চট্টগ্রাম জেলায় (মহানগরসহ) পরীক্ষার্থী রয়েছে ৮০ হাজার ৬৫৭ জন। এর মধ্যে চট্টগ্রাম মহানগরে পরীক্ষার্থী সংখ্যা ২৮ হাজার ৩২৬ জন। কক্সবাজার জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ১৩ হাজার ৯৬১ জন। রাঙামাটি জেলায় ৭ হাজার ৬০৩ জন, খাগড়াছড়ি জেলায় ৮ হাজার ২৯ জন ও বান্দরবান জেলায় ২ হাজার ৭০৯ জন পরীক্ষার্থীর রয়েছে।

এসএসসি পরীক্ষায় বোর্ডের অধীনে নগরী ও জেলার এক হাজার বিদ্যালয়ের পরীক্ষার্থীরা অংশ নিয়েছে। এবার চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের অধীনে চট্টগ্রাম জেলার ১০২টি, কক্সবাজার জেলায় ২৩টি, রাঙ্গামাটি জেলার ১৭টি, খাগড়াছড়ি জেলার ১৭ এবং বান্দরবান জেলার ১০টি কেন্দ্র মিলে মোট ১৬৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.