নিষিদ্ধ হলেন সঞ্জিত

0

খেলাধুলা: পরদিন সাতসকালে ঘুম থেকে উঠতে হবে, তাই আগের রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া জরুরি হলেও জেগেই বসে ছিলেন মিজানুর রহমান। সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য অভিযুক্ত তাঁর দলের অফস্পিনার সঞ্জিত সাহার ভাগ্য জানার আকুলতায় ঠিক সুস্থির হতে পারছিলেন না তিনি। সঞ্জিতের অ্যাকশন বৈধ কী অবৈধ, ভিডিও বিশ্লেষণ করে সেটি জানিয়ে দেওয়ার জন্য আইসিসির বিশেষজ্ঞ প্যানেল সময় নিয়েছিল তিন দিন। গত পরশু ছিল তৃতীয় এবং শেষ দিন।

স্কটল্যান্ড ম্যাচের আগে রাতে ইতিবাচক কিছু জানার আশায় বুক বাঁধা বাংলাদেশ যুব দলের প্রধান কোচ যোগাযোগ করেছিলেন আইসিসির টেকনিক্যাল কমিটির সঙ্গেও। অচিরেই খবরটি পাওয়ার প্রতিশ্রুতি মেলায় রাত জেগে ল্যাপটপের সামনে ই-মেইলের অপেক্ষায় বসে ছিলেন মিজানুর। অবশেষে রাত সাড়ে ১১টায় সেটি এলেও কোনো সুখবর নিয়ে আসেনি। বরং সঞ্জিতের অ্যাকশন অবৈধ প্রমাণিত হওয়ার বার্তা নিয়েই এসেছে তা। নিজেদের ওয়েবসাইটে সেই খবরটি গতকাল আনুষ্ঠানিকভাবেও জানিয়েছে আইসিসি।

দল আগের রাতেই জেনে যাওয়ায় খুব স্বাভাবিকভাবেই কাল স্কটল্যান্ডের বিপক্ষে একাদশে ছিলেন না সম্প্রতি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাফল্যে বড় ভূমিকা রেখে আসা এই তরুণ। রংপুরের হয়ে ফার্স্ট ক্লাস ক্রিকেটেও মুড়িমুড়কির মতো উইকেট নেওয়া এ তরুণ এখন নিয়মানুযায়ী অ্যাকশন না শোধরানো পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন না। ফুটেজ পর্যালোচনা করে আইসিসির বিশেষজ্ঞ প্যানেল নিশ্চিত হয়েছে যে সঞ্জিতের অ্যাকশন ১৫ ডিগ্রির বৈধ সীমা পেরিয়ে যায়।

যদিও বিসিবির নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, সঞ্জিতের অ্যাকশনের ত্রুটি নাকি কখনো কখনো সহনীয় মাত্রার চেয়ে দ্বিগুণ বা তিনগুণ বেশি হয়ে যায়। যদিও দলের কোচ মিজানুর এ বিষয়ে কিছু জানেন না বলেই জানিয়েছেন সংবাদমাধ্যমকে। ত্রুটি বেশি হওয়ায় আইসিসি অনুমোদিত পরীক্ষাগারেও আপাতত সঞ্জিতকে পাঠানোর প্রয়োজনীয়তা নেই। অ্যাকশন শুধরে নিয়ে তবেই পরীক্ষা দিতে পাঠাতে হবে। সেটিতে উতরে গেলেই কেবল আবার আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করার ছাড়পত্র পাবেন তরুণ অফস্পিনার। বাংলাদেশ সঞ্জিতের জায়গায় একজন খেলোয়াড় দলে নিতে পারবে। অফস্পিনার মোসাব্বেকের বিকল্প হওয়ার সম্ভাবনাই বেশি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.