আন্তর্জাতিক : ইউরোপে প্রবেশের পর অন্তত ১০ হাজার শরণার্থী শিশু বিভিন্ন সময়ে নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের অপরাধ বিষয়ক গোয়েন্দা সংস্থা ইউরোপোল। নিখোঁজ হওয়া শিশুদের অধিকাংশই সংগঠিত মানবপাচারকারী সংস্থার হাতে বিভিন্ন স্থানে পাচার হয়ে যাচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি। আইন প্রয়োগকারী সংস্থাগুলো নিখোঁজ শিশুদের উদ্ধারের সকল চেষ্টা অব্যাহত রেখেছে বলে জানা যায়।
ইউরোপোলের প্রধান ব্রেন ডোনাল্ড জানিয়েছেন, ‘আমরা জানি না ওই শিশুরা কোথায়। তবে, কিছু তথ্যপ্রমাণ দেখে মনে হচ্ছে ওদের যৌন কর্মী হিসেবে ব্যবহার করা হচ্ছে। সেইসঙ্গে অনেককে পাচারও করে দিচ্ছে দুষ্কৃতিকারীরা।’ কিন্তু, ওই শিশুদের সঙ্গে জঙ্গি ক্রিয়াকলাপের কোনো যোগসাজশ পাওয়া যায়নি বলেও জানিয়েছেন তিনি।
ইতোমধ্যে জার্মানি, হাঙ্গেরি এবং ফ্রান্সের বিভিন্ন যৌনপল্লীগুলোতে ইউরোপোল কিছু নিখোঁজ শরণার্থী শিশুর সন্ধানও পেয়েছে। যাদেরকে কয়েক হাত ঘুরে ওই পেশায় আনা হয়েছে।
ব্রেন ডোনাল্ডের বক্তব্য অনুযায়ী ইতালিতেই একসঙ্গে ৫ হাজার শরণার্থী শিশু গায়েব হয়ে গেছে, যেখানে সুইডেনে নিখোঁজ ১ হাজার শিশু।
তিনি সতর্কতা উচ্চারণ করে বলেন, ‘অপরাধ চক্রগুলো এখন শরণার্থীদের লক্ষ্যবস্তুতে পরিণত করছে। ওই চক্রগুলো নিঃসন্দেহে ১০ হাজারেরও বেশি শিশুকে পাচার করতে চাইছে। আর এদের সবাইকেই যে বিভিন্ন অপরাধমূলক কাজে লাগানো হবে তা নয়, অনেককেই বিভিন্ন পরিবারে কাজের জন্যও ব্যবহার করা হতে পারে।’
জানা যাচ্ছে, জঙ্গল এলাকা নয়, ওই শিশুদের রাখা হয়েছে শহরে কিংরা শহরাঞ্চলে। এই রিপোর্ট পৌঁছেছে ইউনিসেফের দপ্তরেও।
ইউনিসেফের মুখপাত্র জানিয়েছেন, ওই শিশুদের দায়িত্ব ব্রিটেনেরই। তবে, এটাও সত্যি যে, ব্রিটেন সরকার ওই শিশুদের ফিরিয়ে এনে পুনর্বাসন দেয়ার সম্পূর্ণ উদ্যোগ নিচ্ছে।
