ঢাকা অফিস : বাংলাদেশে জ্বালানি সংকটের প্রয়োজনে ইরান আমাদের কাছে গ্যাস-তেল রফতানি করার আগ্রহ দেখিয়েছে বলে জানান, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
গতকাল বুধবার সচিবালয়ে ইরানের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) সালাহ উদ্দিন আকবর, অতিরিক্তি সচিব (রফতানি) জহির উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। ইরানের শিল্প, খনি এবং বাণিজ্যমন্ত্রীর উপদেষ্টা মোহা. রেজা মওদোদীর নেতৃত্বে ইরানী বাণিজ্য প্রতিনিধি দলটি ঢাকায় এসেছে।
মন্ত্রী জানান আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অবসানের পর ঢাকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে আগ্রহী হওয়ায় ইরান থেকে গ্যাস ও তেল আমদানি করতে চাইছে বাংলাদেশ। তিনি জানান,গভর্নমেন্ট টু গভর্নমেন্ট (জিটুজি) পদ্ধতিতে আমরা ৫০ ভাগ তেল আমদানি করি, বাকি ৫০ ভাগ টেন্ডারের মাধ্যমে। ইরান আগ্রহ দেখালে আমরা অবশ্যই আমদানি করব। আগামী মার্চে বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইরান সফরে গিয়ে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
তোফায়েল আহমেদ বলেন, আমরা বড় আকারে ইরানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য শুরু করতে চাই। মধ্যপ্রাচ্যে ইরান একটি বড় বাজার। তৈরি পোশাক, পাটজাত দ্রব্য, ফার্মাসিউটিক্যাল পণ্য, চামড়াজাত দ্রব্যের জন্য ইরান ভালো বাজার।
