বিনোদন : এক সময় দিন শুরু থেকে শেষ পর্যন্ত যার অনেক অনেক পোস্টে ভরে থাকত তার ট্যুইটার অ্যাকাউন্ট। সেই শাহরুখ খান এখন সোশ্যাল মিডিয়ার থেকে তফাৎ রেখে চলছেন! আমিরও ইদানীং এড়িয়েই চলছেন মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াকে। এ বার শাহরুখ-আমিরের এই মৌনতার ব্যপারে মুখ খুললেন সোনম কাপুর।
এক সাক্ষাৎকারে সোনম বলেন, ‘প্রত্যেকেরই নিজের মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত। ইদানীং মানুষের অকারণ নেতিবাচক প্রতিক্রিয়ার কারণে নিজেদের মতামত প্রকাশে ভয় পাচ্ছেন শাহরুখ, আমির।’ সম্প্রতি অসহিষ্ণুতার বিষয়ে মুখ খোলায় বেশ বিপাকে পড়তে হয়েছে এই দুই সুপারস্টারকে। তাদের করা মন্তব্য ঘিরে দেশ জুড়ে বিতর্কের ঝড় ওঠে, যা জাতীয় রাজনীতিকেও বেশ প্রভাবিত করে।
অনেকেই মনে করছেন হয়তো এই কারণেই মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার থেকে একটু দূরত্ব বজায় রাখছেন এ দু’জন। এর আগে নিজের ট্যুইটার অ্যাকাউন্ট স্ত্রী কিরণের ভয়ের কারণ জানাতে গিয়ে অসহিষ্ণুতা ইস্যুতে নাম জড়ায় আমিরের।
২০১৫-র শেষদিকের সেই বিতর্ক এখনো পিছু ছাড়েনি আমিরের। সেই সময়ও আমিরের পাশে দাঁড়িয়েছিলেন সোনম। আমিরকে সমর্থন জানিয়ে সোনম বলেছিলেন, ‘আমিরের মন্তব্য মোটেই অপ্রাসঙ্গিক নয়। ভারতে অসহিষ্ণুতা চিরদিনই ছিল। বিগত ষাট বছরে এ দেশ অনেক দাঙ্গার সাক্ষী থেকেছে। একই সঙ্গে দেশে নানা ধর্ম এবং ভাষাভাষির মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানও রয়েছে।’ এ বার শাহরুখের সোশ্যাল মিডিয়ার থেকে দূরে থাকার সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে আবার বলিউডের দুই সুপারস্টারের পাশে দাঁড়ালেন সোনম কাপুর।
