সিটিনিউজবিডি : অবসরে যাওয়ার পর লেখা রায় ও আদেশ গ্রহণ করতে প্রধান বিচারপতি এসকে সিনহাকে চিঠি দিয়েছেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক।
আজ রবিবার সকালে প্রধান বিচারপতি বরাবর এই চিঠি জমা দেন বলে বিচারপতি শামসুদ্দিন নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
চিঠিতে বিচারপতি মানিক বলেন, ইতোমধ্যে তিনি রায় লিখে শেষ করেছেন। এর আগে তিনি বিচাপতি আবদুল ওয়াহহাব মিয়ার কাছে লিখিত রায় জমা দিতে চাইলেও তিনি তা গ্রহণে অপারগতা প্রকাশ করেন। অবসরের পর রায় লেখায় কোনো বাধা নেই বলেও চিঠিতে উল্লেখ করেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী।
গত বছরের ১ অক্টোবর অবসরে যান বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী। অবসরে যাওয়ার পরপরই সব সুযোগ-সুবিধা কেড়ে নেয়া হয়েছে বলে অভিযোগ করেন সাবেক এ বিচারপতি। রায় লেখার পর জমা দিতে গেলেও তা নেয়া হয়নি বলে জানান তিনি। এ জন্য দু’দফা চিঠিও দেয়া হয়েছে।
অবসরের পর রায় গ্রহণ না করার বিষয়ে প্রধান বিচারপতির বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী।
প্রসঙ্গত, অবসরে যাওয়ার সময় সাবেক এ বিচারপতির কাছে ১৯৬টি মামলার রায় লেখার অপেক্ষায় ছিল। এমনকি হাইকোর্টে থাকাকালীন যেসব রায় দিয়েছিলেন তার মধ্যেও কিছু রায় লেখার অপেক্ষায় ছিল অবসরে যাওয়ার পরে। এ ছাড়াও বিভিন্ন ইস্যুতে প্রধান বিচারপতির সঙ্গে তার মতানৈক্য দেখা দেয়। এ নিয়ে এর আগে একাধিকবার প্রধান বিচারপতিকে চিঠিও দেন শামসুদ্দিন চৌধুরী। এক পর্যায়ে প্রধান বিচারপতির অভিশংসন চেয়ে রাষ্ট্রপতিকেও চিঠি দেন আলোচিত এই বিচারপতি। এ ছাড়া বিভিন্ন সময়ে টিভি টকশোতে অংশ নিয়ে শামসুদ্দিন চৌধুরী প্রধান বিচারপতির বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছেন।
