নতুন তিন বিচারপতি শপথ নিয়েছেন

0
সিটিনিউজবিডিঃ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পাওয়া নতুন তিন বিচারপতি শপথ নিয়েছেন। সোমবার সকাল ১০টায় বিচারপতি মির্জা হোসেইন হায়দার, বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান শপথ নেন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম জানান, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে নবনিযুক্ত তিন বিচারপতিকে শপথ পড়ান।
প্রধান বিচারপতির সুপারিশক্রমে সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ রোববার হাইকোর্ট বিভাগে বিচারিক দায়িত্ব পালন করে আসা এই তিন বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেন। রাষ্ট্রপতির কার্যালয়ের অনুমোদনের পর আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
নতুন তিনজনকে নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়াল নয়জনে। প্রধান বিচারপতির নেতৃত্বে বর্তমানে আপিল বিভাগের অপর বিচারপতিরা হলেন- বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞা, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
বিচারপতি মির্জা হোসেইন হায়দার: আপিল বিভাগে নবনিযুক্ত এ বিচারপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি এবং এলএলএম ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৮১ সালে হাইকোর্ট বিভাগে এবং ১৯৯৯ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।
২০০১ সালের ৩ জুলাই হাইকোর্ট বিভাগের অতিরিক্ত এবং ২০০৩ সালের ৩ জুলাই স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি। ১৯৫৪ সালের ১ মার্চ জামালপুর জেলায় জন্মগ্রহণ করেন মির্জা হোসেইন হায়দার।
বিচারপতি নিজামুল হক: এ বিচারপতি বিএসসি ও এমএসসি ডিগ্রি অর্জনের পর এলএলবি ডিগ্রি লাভ করেন। এরপর ১৯৭৯ সালে হাইকোর্ট বিভাগে এবং ১৯৯৯ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত  হন। পটুয়াখালী জেলায় ১৯৫০ সালের ১৫ মার্চ জন্মগ্রহণ করেন তিনি।
২০০১ সালের ৩ জুলাই হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান নিজামুল হক। কিন্তু দুই বছর পর তাকে আর স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়নি। পরে ২০০৯ সালের ২৫ মার্চ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান।
এর এক বছর পর ২০১০ সালের ২৫ মার্চ তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার।  ২০১২ সালের ১১ ডিসেম্বর স্কাইপিতে এক ব্যক্তির সঙ্গে কথোপকথন প্রকাশের পর তিনি পদত্যাগ করে আবার হাইকোর্টে ফিরে আসেন।
বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান: নবনিযুক্ত এ বিচারপতি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি অর্জন করেন। ১৯৮৭ সালে তিনি হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ২০০১ সালের ৩ জুলাই হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান।
কিন্তু দুই বছর পর তাকে আর স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়নি। ২০০৯ সালের ১০ মে হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। ১৯৫৫ সালের ১২ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.