ঢাকা অফিস : জাতিসংঘ মহাসচিব বান কি-মুন ফোন করে সংস্থার একটি প্যানেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সদস্য হিসেবে রাখার প্রস্তাব করেছেন। প্রধানমন্ত্রীও তার প্রস্তাব গ্রহণ করেছেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব ইহসানুল করিম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রোববার রাত ৮টায় ফোন করেন বলে জানান তিনি।
ইহসানুল করিম বলেন, ফোনালাপে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। এরপর বান কি-মুন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জানান, ‘ইউনাইটেড নেশনস হাই লেভেল প্যানেল অন ওয়াটার’ নামে একটি প্যানেল করতে যাচ্ছে জাতিসংঘ। এই প্যানেলে সদস্য হিসেবে শেখ হাসিনাকে রাখার প্রস্তাব করেন তিনি। জাতিসংঘ মহাসচিবের এ প্রস্তাবে সম্মতিও জানান প্রধানমন্ত্রী।
প্রেস সচিব আরও বলেন, আগামী জুন মাসের প্রথম সপ্তাহে জাতিসংঘে পুলিশের একটি সম্মেলন হবে। এই সম্মেলনে বাংলাদেশ থেকে উচ্চপর্যায়ের একটি দল পাঠাতে প্রধানমন্ত্রীকে অনুরোধও করেন বান কি-মুন।
ইহসানুল করিম জানান, আগামী ডিসেম্বরে ঢাকায় ‘গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক একটি সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে অংশ নিতে জাতিসংঘ মহাসচিবকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী।
