চট্টগ্রাম অফিস,সিটিনিউজবিডিঃ ২০১১ সালের ২ ডিসেম্বর নগরীর কোতোয়ালী থানার সিআরবিতে মাদক ব্যবসার প্রতিবাদ করায় মা-ছেলে হত্যা মামলার প্রধান অভিযুক্ত মোহাম্মদ রুবেলকে (২৫) অবশেষে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ও সিআইডির ব্যর্থ প্রচেষ্টার পর দীর্ঘ পাঁচ বছর পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সফল অভিযানে সে ধরা পড়ে।
সোমবার রাতে নগরীর কর্ণফুলী থানার এস আলম সুগার মিলের একটি ভাড়াসবাসা থেকে তাকে গ্রেপ্তার করে পিবিআই। সে ফরিদপুরের বাসিন্দা হলেও মূলত কদমতলী এলাকায় ভাসমান থেকে মাদক ব্যবসা করতো বলে জানা গেছে।
বিষয়টি জানিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রামের পরিদর্শক আবু জাফর সৈয়দ ওমর ফারুক বলেন, ‘২০১১ সালের ২ ডিসেম্বর নগরীর কোতোয়ালী থানার সিআরবিতে মাদক ব্যবসার প্রতিবাদ করায় মা জাহানারা বেগম ও ছেলে জামাল হোসেনকে হত্যা করে দুর্বৃত্তরা। এঘটনায় মামলা দায়েরের পর পুলিশ মূল অভিযুক্ত রুবেলকে ধরতে না পারায় তাকে বাদ দিয়ে মামালার অভিযোগপত্র জমা দেয়। এরপর আদালতের নির্দেশে সিআইডি মামলাটি তদন্ত করলে তারা তাকে বাদ দিয়ে অভিযোগপত্র দেয়। পরবর্তীতে আদালতের নির্দেশে তৃতীয় দফায় পিবিআই মামলাটির তদন্ত শুরু করলে সোমবার রাতে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে খুনের কথা স্বীকার করেছে।’
