লাইফস্টাইল : ব্রকোলি ভিটামিন কে, ভিটামিন সি, ফলিক অ্যাসিড, পটাশিয়াম ও আঁশসহ নানা পুষ্টিগুণে ভরপুর। ব্রকোলির এসব উপাদান স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।
এই সবজিকেই এখন গবেষকরা বলছেন ‘আলটিমেট ক্যান্সার ফুড’। বাংলাদেশেও সবজিটি ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। ব্রকোলির মধ্যে রয়েছে সালফরফেন, যা ক্যান্সার প্রতিরোধে কার্যকর। লো ক্যালরির এই সবজি স্তন, লিভার, ফুসফুস, প্রোস্টেট, ত্বক, পেট ও ব্লাডারের ক্যান্সারের ঝুঁকি কমাতে অব্যর্থ বলে জানিয়েছেন গবেষকরা। হার্টের স্বাস্থ্য ভালো রাখতেও কার্যকর ব্রকোলি।
এ ছাড়াও খারাপ কোলেস্টেরল কমাতে এবং অ্যালার্জি ও শরীরে জ্বালাপোড়া দূর করতেও ভূমিকা রাখে ব্রকোলি। ক্যালসিয়াম ও ভিটামিন কে’র ভালো উৎস হওয়ায় এই সবজিটি শরীরের হাড় মজবুত করে। শরীর থেকে দূষিত পদার্থ দূর করতেও ব্রকোলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
