সিরিয়ায় যুদ্ধবিরতিতে সম্মত আমেরিকা ও রাশিয়া

0

আন্তর্জাতিক : সিরিয়ায় প্রায় ৫ বছর ধরে চলমান যুদ্ধবিরতির জন্য একটি চুক্তির বিষয়ে সম্মত হয়েছে বৃহৎ শক্তির দেশগুলো। এটি আগামী এক সপ্তাহের মধ্যে করা হবে।
বিবিসির খবরে বলা হয়েছে, জার্মানির মিউনিখে অনুষ্ঠিত আন্তর্জাতিক এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, সিরিয়ার অবরুদ্ধ এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়েও তারা সম্মত হয়েছেন।

সংবাদ সম্মেলনে জন কেরির পাশে উপস্থিত ছিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ এবং সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত।জন কেরি বলেন, ‘এ যুদ্ধবিরতি ইসলামিক স্টেট (আইএস) এবং আল-নুসরা ফ্রন্টের জন্য কার্যকরী হবে না।’

তিনি বলেন, ‘এ যুদ্ধবিরতির বিষয়টি বেশ কঠিন হতে পারে। কারণ এ উদ্যোগকে সবগুলো পক্ষ কতটা সম্মান করবে তার ওপর সফলতা নির্ভর করবে।’ অবরুদ্ধ এলাকাগুলোতে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য জাতিসংঘের একটি টাস্কফোর্স গঠন করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।জন কেরি এবং ল্যাভরভ মনে করেন সিরিয়ার সরকার এবং বিদ্রোহীদের মধ্যে দ্রুত শান্তি আলোচনা শুরু করা উচিত।

এ যুদ্ধবিরতির বিষয়ে বৃহৎ শক্তিগুলো এমন এক সময়ে সম্মত হলো যখন রাশিয়ার বিমান হামলার সহায়তা নিয়ে সিরিয়ার সরকারি বাহিনী আলেপ্পোর দিকে অগ্রসর হচ্ছে। এ এলাকাটি সরকার বিরোধীদের দখলে।

প্রায় ৫ বছর আগে সিরিয়ার সংঘাত শুরু হয়। প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাত করতে আমেরিকার নেতৃত্বে পশ্চিমা দেশগুলো অনেক চেষ্টা করেছে। কিন্তু সিরিয়ার যুদ্ধে প্রেসিডেন্ট বাশারের পক্ষে রাশিয়া সম্পৃক্ত হওয়ার পর পরিস্থিতি দ্রুত বদলাতে থাকে।

রাশিয়া বলছে, জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএসকে লক্ষ্য করে তাদের বিমান হামলা চালানো হচ্ছে। কিন্তু পশ্চিমা দেশগুলো অভিযোগ করে প্রেসিডেন্ট আসাদ বিরোধীদের লক্ষ্য করে রাশিয়া বিমান হামলা চালাচ্ছে।
গত সাড়ে চার বছরের যুদ্ধে সিরিয়ায় ৬৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের হিসাবে এখন পর্যন্ত এ যুদ্ধে আড়াই লাখ মানুষ মারা গেছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.