সিটিনিউজবিডিঃ জেলায় দীর্ঘদিন পর রাজনীতির মাঠে সক্রিয় হয়ে উঠেছে বিএনপি। গত বছর আন্দোলন-সংগ্রামের ফলে পুলিশি মামলায় আদালত চত্বরে দৌড়-ঝাঁপে ক্লান্ত বিএনপি অবশেষে ফিরেছে সাংগঠনিক রাজনীতিতে। আগামী আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের উজ্জীবিত করতেই দল গোছানোর প্রক্রিয়ায় মনোনিবেশ করেছেন জেলার নেতারা।
এরই পরিপেক্ষিতে মঙ্গলবার বেলা ২টায় চাঁদপুর পৌর পার্কে সদর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে।
এতে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন ও চেয়ারপার্সনের উপদেষ্টা শামছুজ্জামান দুদুসহ আরো কেন্দ্রীয় নেতারা। সম্মেলনের উদ্বোধন করবেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক।
এদিকে সম্মেলন উপলক্ষে নেতাকর্মীদের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। কারণ হিসেবে জানা গেছে, ভোটাধিকারের মাধ্যমে নেতা নির্বাচনের সুযোগ আসবে কিনা, তা নিয়েই শঙ্কিত তারা। তাদের দাবি আগের মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন নেতৃত্ব নির্বাচিত করা হউক।
এ প্রসঙ্গে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ‘কাউন্সিলরদের তালিকা প্রস্তুত রয়েছে। তবে সম্মেলনে ইলেকশন না সিলেকশন তা কেন্দ্রীয় নেতারাই নির্ধারণ করবেন। তবে যাই হোক দল শক্তিশালী হবে এমন নেতাকেই বেছে নেয়া হবে।’
তবে মাঠ পর্যায়ের কর্মীদের দাবি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে আন্দোলন সংগ্রামে রাজপথে থাকবে এমন নেতৃত্বই তারা চান। অপরদিকে জেলা বিএনপির শীর্ষ নেতারা বলছেন, সম্মেলনে কেন্দ্রীয় নেতারাই নির্ধারণ করবে কোন প্রক্রিয়ায় নেতা নির্বাচিত হবে। তবে কেন্দ্রীয় বিএনপির ষষ্ঠ জাতীয় সম্মেলনকে ঘিরেই সংক্ষেপে সম্মেলনের প্রক্রিয়া শেষ করতে চায় নেতারা। সে হিসেবে শেষ পর্যন্ত কেন্দ্রীয় নেতারা উপস্থিত নেতাকর্মীদের মাঝে উভয় ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করতে পারেন।
অথচ গত ২০০৯ সালে চাঁদপুর সদর উপজেলা ও চাঁদপুর পৌর বিএনপির কাউন্সিলরদের ভোটে উভয় কমিটির নেতা নির্বাচিত হয়েছিল। ওই সময় সদর উপজেলার সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান গাজী নির্বাচিত হন। এছাড়াও পৌর বিএনপির সভাপতি অ্যাড. সলিম উল্যাহ সেলিম ও সাধারণ সম্পাদক আক্তার হোসেন মাঝি নির্বাচিত হন।
তবে চলমান রাজনীতির পরিবর্তনশীল পরিস্থিতিতে দক্ষ ও ত্যাগী নেতৃত্বের বিকল্প নেই বলে মনে করেন তৃণমূল নেতাকর্মীরা। তারা বলেন, ‘যারা অনুষ্ঠান নির্ভর রাজনীতি কিংবা পদপদবি গলায় ঝুঁলিয়ে নিষ্ক্রৃয় থাকেন তাদের হাতে যেন দলীয় নেতৃত্ব দেয়া না হয়। তাই তারা জেলা বিএনপির আহ্বায়কের কাছে প্রত্যাশা করেন, কাউন্সিলরদের ভোটে নেতা নির্বাচিত হোক।’
সম্মেলন প্রসঙ্গে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সদর উপজেলা চেয়ারম্যান দেওয়ান সফিকুজ্জামান বলেন, ‘জেলা বিএনপির আহ্বায়কের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ। আশা করছি কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে খুব সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্মেলন শেষ হবে।’
