সিটিনিউজবিডিঃ সম্প্রতি গুঞ্জনটা বেশ চাউর হয়েছে, ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিচ্ছেন হোসে মরিনহো। পর্তুগিজ এই কোচও যে ইংল্যান্ডের ক্লাবটিতে আসতে আগ্রহী, কিছু দিন আগে সে রকমই ইঙ্গিত দিয়েছেন। জানিয়েছিলেন, আগামীতে লন্ডনেই থাকতে চান তিনি। অপরদিকে ম্যানইউ নাকি ইঙ্গিত দিয়েছে, পরবর্তী মৌসুমে মরিনহোকে কোচের আসনে বসাতে চায় তারা।
ম্যানইউর ইংগিত কিংবা অন্য কোনো কারণই হোক, চেলসির সাবেক তারকা ডিফেন্ডার ডেভিড লুইজ মনে করেন, মরিনহোকে খুব করে চাইছে রেড ডেভিলসরা। লুইজের ভাষায়, ‘ ম্যানইউর চাকরিটা নিতে মরিনহোর কোনো অসুবিধা দেখছি না। হ্যাঁ, তার নজরটা থাকে চেলসির দিকেই। কিন্তু যেখানেই দায়িত্ব নেন না তিনি, নিজের সেরাটাই উজাড় করে দেন। ম্যানইউতে গেলেও ঠিক তেমনই হবে। আর এটাও আমি নিশ্চিত করে বলতে পারি যে মরিনহোকে দলে ভেড়ানোর জন্য ওত পেতে আছে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি।’
এক সময় এই মরিনহোর অধীনেই চেলসিতে খেলেছেন লুইজ। মৌসুমের মাঝপথেই সেই চেলসি থেকে চাকরিটা হারান মরিনহো। পেশাদার ফুটবলে নাকি এমনটাই ঘটেই থাকে। স্বীকার করে নিলেন ব্রাজিলিয়ান এই তারকা ডিফেন্ডার। বলেন, ‘কোচ আসে, কোচ যায়; এটা তো ফুটবলেরই অংশ। তবে জোসে কাজের বাইরে বেশি দিন থাকবেন না। এটা আসলে তার সঙ্গে যায় না।’
