ঢাকা প্রতিবেদকঃ আশুলিয়ায় একটি শ্রমিক পল্লীতে আগুন লেগে ২৫টি কক্ষ পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার কবিরপুর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাড়ির মালিক ও স্থানীয়রা জানায়, রাতে আশুলিয়ার কবিরপুর এলাকার ফিরোজের শ্রমিক পল্লীর একটি কক্ষের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুন বাড়ির অন্যান্য কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় তাদের সাথে আশুলিয়া ডিইপিজেডের একটি ও কালিয়াকৈর ফায়ার সর্ভিসের আরো দুটি ইউনিট যোগ দিয়ে প্রায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে আগুনে ওই শ্রমিক পল্লীর ২৫টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়।
আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা যায়নি।
