নতুন বিচারক নিয়োগের সিদ্ধান্তে অটল ওবামা

0

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি এনটোনিন স্ক্যালিয়ার উত্তরসূরি নিয়োগের সিদ্ধান্তে অটল রয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্রে নতুন বিচারক নিয়োগকে কেন্দ্র করে প্রেসিডেন্ট ও সিনেটের মধ্যে সৃষ্ট জটিলতার মধ্যেই নিজের অভিমত স্পষ্ট করলেন ওবামা।   সিনেট চাইছে বিচারক নিয়োগের কাজটি পরবর্তী সরকারের জন্য তুলে রাখতে।

কিন্তু মঙ্গলবার বারাক ওবামা সাফ জানিয়ে দিয়েছেন, সংবিধান মেনেই তিনি সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি নিয়োগ করবেন। তার এ কাজে সিনেট তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন।

ওয়াশিংটনে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের উদ্দেশ্য করে ওবামা বলেন, সিনেটের উচিত তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করা। তিনি বলেন, সাধারণ কাজেও বাঁধা দেয়ার যে হিংসাত্মক সংস্কৃতি তৈরি হয়েছে সেটি থেকে বেরিয়ে আসার এটিই সময়। তিনি স্পষ্ট করেই ঘোষণা দিয়েছেন যে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নতুন বিচারক নিয়োগ করা তার দায়িত্ব এবং তিনি তা করবেন। তার মনোনীত ব্যক্তিকে বিচারক পদের জন্য সমর্থন করা বা না করার অধিকার সিনেটের রয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন।

তিনি জোর দিয়ে বলেন, ‘দেশে এমন কোনো আইন নেই যে, এই নিয়োগ পরবর্তী সরকারের জন্য রেখে যেতে হবে এবং এ বিষয়ে সংবিধানের কোনো নির্দেশনাও নেই।’ তাই নির্ধারিত সময়ের মধ্যেই সুপ্রিম কোর্টের বিচারক পদের জন্য প্রার্থীর নাম ঘোষণা করবেন মার্কিন প্রেসিডেন্ট ওবামা। প্রার্থী নির্বাচনের কাজটি ‘নিরপেক্ষ’ হবে বলেও তিনি জানিয়েছেন।

শনিবার বিচারপতি এনটোনিন স্ক্যালিয়ার মৃত্যুর পর মার্কিন সুপ্রিম কোর্টে নতুন একজন বিচারক নিয়োগ নিয়ে যে কোন্দল তৈরি হয়েছে এর মাঝেই এই ঘোষণা দিলেন বারাক ওবামা।

প্রয়াত বিচারপতি  রক্ষণশীল ভাবধারার ছিলেন এবং দীর্ঘদিন যাবত তিনি সুপ্রিম কোর্টে বিচারপতির দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই রিপাবলিকান নিয়ন্ত্রণাধীন সিনেট সদস্যরা ঘোষণা দেন যে আগামী বছর নতুন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত তারা কোন মনোনয়ন নিশ্চিত করবেন না।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.