জামিন পেলেন ব্যারিস্টার শাকিলা

0

সিটিনিউজবিডি : সন্ত্রাস দমন আইনে করা দুই মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। জঙ্গি সংগঠন হামজা ব্রিগেডকে কোটি টাকা অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন ব্যারিস্টার শাকিলা। আজ সোমবার দুই মামলায় অভিযোগ গঠনের আগ পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ।

এর আগে বৃহস্পতিবার জামিনের আবেদনের শুনানি শেষে ২২ ফেব্রুয়ারি এ বিষয়ে আদেশের দিন ধার্য করেন আদালত। আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন ও জেড আই খান পান্না। সঙ্গে ছিলেন আইনজীবী সগীর হোসেন লিওন।

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যার্টনি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির। হামজা ব্রিগেড নামের একটি জঙ্গি সংগঠনকে অস্ত্র কেনার জন্য এক কোটি ৮ লাখ টাকা যোগানোর অভিযোগে গত বছরের ১৮ আগস্ট রাতে ঢাকার ধানমণ্ডি থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী হাসানুজ্জামান লিটন ও জজকোর্টের আইনজীবী মাহফুজ চৌধুরী বাপনসহ চট্টগ্রামের বিএনপি নেতা সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানাকে গ্রেপ্তার করে র‌্যাব।

পরে বাঁশখালী ও হাটহাজারীতে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। সন্ত্রাস দমন আইনে হাটহাজারী ও বাঁশখালী থানায় দায়ের করা মামলায় আইনজীবী লিটন ও বাপন গত বছরের ডিসেম্বরে জামিনে মুক্তি পান। কিন্তু দুই মামলায় গত বছরের ২৮ নভেম্বর শাকিলা জামিন না পাওয়ায় চলতি বছরের ১২ জানুয়ারি হাইকোর্টে জামিন আবেদন করা হয়। এ আবেদনের শুনানি নিয়ে গত ১৩ জানুয়ারি রুল জারি করেন হাইকোর্ট। রুলে ওই দুই মামলায় শাকিলা ফারজানাকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়। দুই সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.