ভোলা: সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী এমদাদ হোসেন কবিরের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। এ ঘটনায় তার ৩ সঙ্গীও আহত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সোয়েব হোসেন মামুনকে আটক করেছে পুলিশ।
ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন এমদাদ হোসেন কবির জানান, সোমবার রাতে গণ সংযোগের উদ্দেশ্যে তিনি ধনিয়া ইউনিয়নের পাকার মাথা এলাকায় গিয়েছেন। এ সময় তার প্রতিপক্ষ আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সোয়েব হোসেন মামুন ও সবুজের নেতৃত্বে একদল সন্ত্রাস তার ওপর হামলা চালায়। এ ঘটনায় তার সাথে থাকা ধনিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম, তছির মেম্বার ও টিটু আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে।
এদিকে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সোয়েব হোসেন মামুন বলেন, নির্বাচনী গণসংযোগ করার সময় এমদাদ হোসেন কবির চেয়ারম্যানের সাথে পাকার মাথা এলাকায় সাক্ষাত হয়। এ সময় তার সাথে কোলাকুলি করে বিদায় নেয়ার পর কবির চেয়ারম্যানের লোকজন আমাকে নিয়ে অশালীন মন্তব্য করে। এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।
ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল কবির জানান, এ ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সোয়েব হোসেন মামুনকে আটক করা হয়েছে।
এ ঘটনায় ধনিয়া ইউনিয়নের কয়েক শত আওয়ামী লীগের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল করে হামলাকারীদের বিচার দাবি করেছেন।
