চবি : কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে সহ সভাপতি হিসেবে স্থান পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাহফুজুর রহমান রাসেল।
গত সোমবার রাতে ৩০১ সদস্যের কেন্দ্রীয় ছাত্রলীগ কমিটি ঘোষণা করা হলে এ তথ্য জানা যায়। এর আগে তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যনির্বাহি সদস্য থেকে দায়িত্ব পালন করেছেন।
মাহফুজুর রহমান রাসেলের এই পদপ্রাপ্তিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা অভিনন্দন জানিয়েছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে বিবিএসহ এমবিএ শেষ করা এ রাসেল পরিচ্ছন্ন একজন রাজনৈতিক কর্মী হিসেবে তার সতীর্থদের কাছে পরিচিত। নগরীর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী অনুসারী হিসেবে পরিচিত রাসেল বিগত সময়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে ঐক্যবদ্ধ করে শিবির বিরোধী আন্দোলন গড়ে তোলায় তার ভূমিকা ছিল প্রশংসনীয়।
সদ্য দায়িত্ব পাওয়া কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মাহফুজুর রহমান রাসেল ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাবেক সাধারণ সম্পাদক সিদ্দীকী নাজমুল আলমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘এতে বিশ্ববিদ্যালয়ে সকলের প্রত্যাশা পূর্ণ হয়েছে, সামনের দিনগুলোতে আমার দায়িত্ব যাতে সঠিকভাবে পালন করতে পারি সেজন্য সবার দোয়া চাই।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কেন্দ্রীয় ছাত্রলীগে সহ-সভাপতি হিসেবে মাহফুজুর রহমান রাসেল ছাড়াও উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, উপ কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মো. ফারুক হোসেন ও সহ সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরী নির্বাচিত হয়েছেন।
