কুমিল্লা : বাংলাভাষাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে যাওয়া বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম স্মরণে কুমিল্লায় আলোচনা সভা, প্রবন্ধ উপস্থাপন ও সাংস্কতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
নগরীর টাউনহল মাঠে বীর মুক্তিযুদ্ধা রফিকুল ইসলাম মুক্তমঞ্চে মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, কুমিল্লা বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য ডক্টর অধ্যাপক আলী আশরাফ।
কুমিল্লা জেলা প্রশাসক মো. হাসানুজ্জাসান কল্লোলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, গবেষক ড. আলী হোসেন চৌধুরী, কুমিল্লা বারের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান এবং রফিকুল ইসলামের বড়বোন ডা. মনোয়ারা বেগম। এছাড়াও সুশীলসমাজের প্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, রফিকুল ইসলাম ২১ শে ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে প্রথম প্রস্তাবকারী। ১৯৯৯ সালে ইউনোস্কোর ৩০তম সাধারণ সম্মেলনে ২১শে ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি প্রদান করে। বিশ্বের ১৯০টি দেশে এখন প্রতি বছর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হচ্ছে।
২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৬ উদযাপন উপলক্ষে ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করে কুমিল্লা জেলা প্রশাসন।
