খেলাধুলা: এশিয়া কাপের তৃতীয় ম্যাচে বাংলাদেশ দল এবার মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাতের। বাংলাদেশ সময় আজ সন্ধ্যা সাড়ে ৭টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে।
এশিয়া কাপের সূচনা বাংলাদেশ ও আরব আমিরাত দুই দলই ভালোভাবে করতে পারেনি। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে পরাজিত হয়েছে। অন্যদিকে আরব আমিরাতও তাদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে। আর তাই এই ম্যাচে জয় পাওয়ার অদম্য ইচ্ছা দুই দলের মধ্যেই কাজ করছে।
একদিকে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা তাদের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর কথা বলেছেন। অন্যদিকে আরব আমিরাতের অধিনায়ক আমজাদ জাভেদ-ও এই ম্যাচে তাদের সেরাটাই দেওয়ার কথা বলেছেন।
আরব আমিরাতের আত্মবিশ্বাসী অধিনায়ক জাভেদ বলেন, ‘অবশ্যই লঙ্কানদের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য বাংলাদেশের বিপক্ষে ভালো খেলতে আরও প্রেরণা যোগাবে। যদিও স্বাগতিক দর্শকদের সামনে খেলতে হবে আরব আমিরাতকে। তাই স্বাগতিক দর্শকরা আমিরাতের জন্য কোনো মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারবে না। আমরা স্বাগতিক বাংলাদেশের দর্শকের সামনে অবশ্যই ভালো খেলা উপহার দেওয়ার চেষ্টা করবো।’
আজকের ম্যাচে টাইগারদের পাশাপাশি হাজারো দর্শক ও সমর্থকরাও উন্মুখ হয়ে আছেন তাদের জয়ের জন্য। ম্যাচ শেষে মাশরাফি বাহিনী যেন জয়ের হাসিটাই হাসতে পারে এই প্রত্যাশায় আছে সবাই।
