আন্তর্জাতিক : ব্রাজিলের কাছ থেকে ৫০টি এমব্রায়ার বিমান কেনার কথা জানাল ইরান। ব্রাজিলের এমব্রায়ার হচ্ছে বিশ্বের তৃতীয় বৃহৎ বাণিজ্যিক বিমান প্রস্তুতকারী কোম্পানি। জানা গিয়েছে, ব্রাজিলের সঙ্গে কিস্তিতে বিমান কেনার চুক্তি হবে। সরকার অভ্যন্তরীণভাবে স্থানীয় মুদ্রার বিশেষ কোনও তহবিল যোগান দেবে না। গত অক্টোবর মাসে ব্রাজিলের বাণিজ্যমন্ত্রী আরমন্দো মেন্টরিও’র নেতৃত্বে একটি প্রতিনিধিদল তেহরান সফর করে।
ব্রাজিল থেকে বিমান, ট্যাক্সি, বাস ও ট্রাক কেনার বিষয়ে সে সময় থেকে দু দেশ আলোচনা শুরু করে। এরইমধ্যে ইরান ফ্রান্স থেকে ১১৮টি এয়ারবাস কেনার চুক্তি করেছে এবং আরও বিমান কেনার পরিকল্পনা করছে। ইরানের বিমানবহরে বেশিরভাগই পুরোন বিমান।
সে কারণে ইরান অন্তত ৫০০ যাত্রীবাহী বিমান কেনার লক্ষ্য ঠিক করেছে বলে বিভিন্ন সময় খবর বেরিয়েছে। এর অংশ হিসেবে মার্কিন বোয়িং কোম্পানির কাছ থেকেও ধারে অথবা নগদ অর্থে বিমান কেনার বিষয়ে আলোচনা করছে তেহরান।
