সিটিনিউজবিডি: নৌমন্ত্রী মো. শাজাহান খান বলেছেন, মানুষকে ভয় পায় বলেই বিএনপি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে অযৌক্তিক ও বিভ্রান্তিকর নানা বক্তব্য দিচ্ছে। মনোনয়নপত্র জমাদানে বাধা প্রসঙ্গে বিএনপির অভিযোগ সত্য নয় বলে উল্লেখ করে তিনি বলেন, ”বিগত দিনে বিএনপি-জামায়াত পেট্টোল বোমা মেরে এবং কুপিয়ে যেভাবে মানুষ মেরেছে,তাতে জনগণের কাছে যেতে তারা এখন ভয় পায়। এ জন্য নির্বাচনের মাঠে নামতেও তারা ভয় পাচ্ছে।”
শাজাহান খান আজ শুক্রবার সকালে মাদারীপুরে চরমুগরিয়া মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন। নৌমন্ত্রী বিএনপি-জামায়াতের যেকোনো ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশপ্রেমিক জনতাকে সজাগ থাকার আহ্বান জানান।
মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শফিউর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, ডা. রেজাউল করিম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
