স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ দল দুর্বার হলেও টি২০ ক্রিকেটে এখনো অপরিপক্ক। টি২০ ক্রিকেট শ্রীলঙ্কার সঙ্গে চারবারের মুখোমুখিতে সবকটিতে হেরেছে টাইগাররা। রোববার এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। তাই বলে বাংলাদেশকে কোনভাবেই হালকা করে দেখছেন না বলে জানিয়েছেন শ্রীলংকার অধিনায়ক লাসিথ মালিঙ্গা।
রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচকে কেন্দ্র করে শনিবার ফতুল্লা স্টেডিয়ামে অনুশীলন করে লংকান ক্রিকেটাররা। পরে অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন লংকান অধিনায়ক মালিঙ্গা ।
বাংলাদেশের বিপক্ষে খেলা নিয়ে শ্রীলংকার অধিনায়ক বলেন, ‘আগামীকালের (রোববার) ম্যাচটাও স্বাভাবিক একটা খেলা। এশিয়া কাপ খেলছে পাঁচটি দল। প্রতিটি দলই কঠিন। কোনো দলকেই আমরা হালকাভাবে ধরে বসে থাকতে পারি না। কালকের (রোববার) প্রতিপক্ষ কে- সে দিকে আমাদের মনোযোগ নেই। ম্যাচের সময় কে কী করতে পারে, কে কিভাবে নিজেদের সেরাটা দিতে পারে; আমাদের সবাই চিন্তা করছে সেটা নিয়েই। প্রতিপক্ষ নিয়ে আমরা খুব বেশি ভাবছি না।’
প্রথম ম্যাচের তুলনা করে মালিঙ্গা বলেন, ‘আরব আমিরাতের বিপক্ষে অমন উইকেট ১২৯ করেছিলাম আমরা। ব্যাটসম্যানরা কঠোর চেষ্টায় সেটা করতে পেরেছিল এবং সেটা ছিল ম্যাচজয়ী সংগ্রহ। আগামীকাল (আজ) হয়তো ভিন্ন ধরণের উইকেট হবে, ভিন্ন মনোভাবও দেখাতে হবে। আমাদের দেখতে হবে ব্যাটসম্যানরা কী করতে পারে।’
বাংলাদেশের বোলিংয়ের প্রশংসা করে লংকান অধিনায়ক বলেন, ‘অবশ্যই বাংলাদেশের খুব ভাল বোলিং আক্রমণ আছে। আমরা সবাই সেটা জানি। কিন্ত এটা ম্যাচের ওপর নির্ভর করে। আমরাও আগামীকালের (রোবাবার) ম্যাচটির জন্য প্রস্তুত। আমরা জানি তাদের পেস আক্রমণ রুখতে কী করতে হবে। আমরা নির্দিষ্ট কোন নামের দিকে মনোযোগী নই, প্রতিটি বলের দিকেই মনোযোগী।’
বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুরের বোলিং প্রসঙ্গে লংকান অধিনায়ক বলেন, ‘বাংলাদেশ এবং আন্তর্জাতিক ক্রিকেটের জন্য মুস্তাফিজ বড় সম্পদ। তিনি সত্যিই খুব ভাল করছেন। সর্বশেষ আমরা এশিয়া কাপ ৫০ ওভারের ফরমেটে খেলেছি। এবার টি২০। এটা খুবই কঠিন। দুটিই ভিন্ন ফরমেট। প্রতিটি টুর্নামেন্টেই বলা কঠিন কে সবচেয়ে সেরা। কিন্তু আমরা সবসময়ই ম্যাচে আমাদের শক্তিমত্তা ও সামর্থ্যের দিকে মনোযোগ দেই। আমরা যদি সবগুলো বিভাগে ভাল করি, তাহলে টুর্নামেন্টে ভাল অবস্থানে থাকতে পারবো।’
