মিরসরাইয়ে ৩০০ ভরি স্বর্ণ লুটের ঘটনায় মামলা, মানববন্ধন

0

মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরবাজারের শামীম জুয়েলার্স থেকে ৩০০ ভরি স্বর্ণ লুটের ঘটনায় মামলা দায়েরের পাশাপাশি মানববন্ধনও হয়েছে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে পৌরবাজারের ব্যবসায়ীরা মানববন্ধন করেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট অংশে অনুষ্ঠিত মানববন্ধনে বারইয়ারহাট বাজারের সর্বস্তরের ব্যবসায়ীরা অংশগ্রহণ করে। বারইয়ারহাট বণিক সমিতির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পেয়ার, সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন রেদোয়ান, কোষাধক্ষ্য দীলিপ বণিক, কারিগর সমিতির সভাপকি দুলাল বণিক, সাধারণ সম্পাদক সুমন শর্ম্মা প্রমুখ।

মানববন্ধনের বক্তারা বলেন, অবিলম্বে ডাকাতদলের সদস্যদের গ্রেফতারও লুট হওয়া তিনশ ভরি স্বর্ণ উদ্ধারের দাবি জানান। তা নাহলে ভবিষ্যতে কঠোর আন্দোলনের হুমকী দেন তারা।

এদিকে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, এএসপি সালাহ উদ্দিন শিকদার, সিআইডির উপ-পরিদর্শক আব্দুল হামিদের নেতৃত্বে ৩ সদস্যের একটি তদন্ত দল। এছাড়া র‌্যাব-৭ এর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

অবশ্য পুলিশের তরফ থেকে সাংবাদিকদের বলা হয় ঘটনার সময় সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজের মাধ্যমে জড়িতদের শনাক্ত করা সম্ভব হবে। আশা করা হচ্ছে খুব দ্রুত সোনা লুটের সাথে জড়িতদের গ্রেফতার এবং লুট হওয়া সোনা উদ্ধার সম্ভব হবে।

লুট হওয়া শামীম জুয়েলার্স এর মালিক সাহাব উদ্দিন সাংবাদিকদের কাছে দাবি করেন ‘মোট ৩০০ ভরি সোনা লুট হয়েছে। ঋণের বোঝায় তিনি দিশেহারা। আত্মীয়স্বজন বন্ধুবান্ধবের কাছে প্রায় ২৫ লাখ টাকা ঋণ রয়েছে। পুলিশ লুট হওয়া স্বর্ণ উদ্ধার করতে না পারলে আমার আত্মহত্যা করা ছাড়া কোন উপায়ন্তু থাকবে না।’

এদিকে ৩শ’ ভরি স্বর্ণালঙ্কার লুটের ঘটনায় ২৭ জনকে আসামি করে লুট হওয়া শামীম জুয়েলার্সের মালিক সাহাব উদ্দিন বাদী হয়ে জোরারগঞ্জ থানায় শুক্রবার রাতে একটি মামলা দায়ের করেন। এই ঘটনায় শনিবার সন্ধ্যা পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার উল্ল্যাহ বলেন, ঘটনারপর থেকে সম্ভাব্য স্থানগুলোতে অভিযান চলছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনোয়ারুল কবির জানান, দোকানে থাকা ভিডিও ফুটেজ দেখে ডাকাতদলের সদস্যদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে। আগামী এক সপ্তাহের মধ্যে একটি সুফল পাওয়া যাবে।

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার বারইয়ারহাট পৌরসভার মসজিদ গলির শামীম জুয়েলার্সে ডাকাত দল অতর্কিত হানা দিয়ে ও ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে ডাকাতরা দোকান থেকে প্রায় ৩শ’ ভরি স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়। এসময় ডাকাতদের ককটেল হামলায় বারইয়ারহাট বাজারের ব্যবসায়ী শাহজাহান ও স্কুল ছাত্র অনিক আহত হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.