সাভার: সাভারের আমিনবাজারে সাগর মিয়া নামে এক ট্রাক ড্রাইভারকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আমিন বাজারের টেম্পুস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
নিহত সাগর মানিকগঞ্জ জেলার দৌলতপুর এলাকার বাসিন্দা এবং আমিনবাজার এলাকায় ভাড়া বাসায় থেকে ট্রাক চালাতেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, সোমবার ভোর রাতের কোনো এক সময় ওই ট্রাক ড্রাইভারকে কুপিয়ে হত্যা করে তার সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন লুটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে স্থানীয়রা টেম্পুস্ট্যান্ডে একটি ট্রাকের নিচে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। লাশের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
