চট্টগ্রাম : চট্টগ্রাম-কক্সবাজার মহসড়কের বোয়ালখালী অংশে মিলিটারি ব্রিজের গার্ডার ধসে নিখোঁজ শ্রমিক মো. হাসেমের (২৮) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মঙ্গলবার দুপুর ১১টা ৫৫ মিনিটে গার্ডারের নিচে চাপা পড়া লাশ উদ্ধার করা হয়।
নিখোঁজ শ্রমিক হাশেম নওগাঁ সদর উপজেলার আবদুল গফুরের ছেলে এবং বায়োজিদ থানা ভবন ভাঙা ও লোহা কাটা শ্রমিক লীগের সদস্য।
স্থানীয় সূত্র জানায়, পুরোনো সেতুটির গার্ডার ভাঙার কাজ করার সময় রোববার বিকেলে গার্ডারের সাথে খালে পড়ে যায় হাসেম। পরে ঘটনার ২২ ঘন্টা পর গতকাল সোমবার দুপুরে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। মঙ্গলবার দুপুর ১২টায় দিকে নিহতের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
ঘটনাস্থলে থাকা চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক বলেন, ‘ফায়ার সার্ভিসের কালুরঘাট স্টেশনের ডুবুরি দল গতকাল দুপুর থেকে উদ্ধার অভিযান চালাচ্ছিল। পরে লাশ না পেয়ে রাতে অভিযান স্থগিত করা হয়। আজ সকাল ৯টা থেকে পুনরায় অভিযান শুরুর পর গার্ডারের নিচে নিখোঁজ শ্রমিকের লাশ সনাক্ত করতে পারে ডুবুরিরা। পরে কৌশলে দুপুর ১১টা ৫৫ মিনিটে লাশ উদ্ধার করা হয়।’
