বিনোদন ডেস্কঃ বলিউডে যখন তুমুল জনপ্রিয়তা নিয়ে একের পর এক পর্দা কাপাচ্ছিলেন অভিনেত্রী শ্রীদেবী, তখন হয়তো নিজের মধ্যে অভিনয়ের স্বপ্ন বুনছিলেন এই সময়ের বলিউডের মেধাবী অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী! অথচ সেই শ্রীদেবীর সঙ্গেই এবার সিনেমায় একসঙ্গে জুটিবদ্ধ হতে চলেছেন তিনি। তাও শ্রীদেবীর স্বামী চরিত্রে!
প্রথমবারের মত এক সময়ের বলিউডের তুমুল জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবীর সঙ্গে জুটিবদ্ধ হতে চলেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। ‘মম’ নামের একটি ছবিতে অভিনয় করতে প্রথমবার শ্রীদেবীর সঙ্গী হচ্ছেন তিনি। এমন খবরই জানিয়েছে ভারতীয় জনপ্রিয় সংবাদমাধ্যম ‘স্পটবয়.কম’।
তাদের প্রকাশিত খবরে জানা যায় যে, শিগগিরই ‘মম’ নামের একটি সিনেমায় শ্রীদেবীর সঙ্গী হতে চলেছেন নওয়াজউদ্দিন। এই সময়ের একটি ফ্যামেলি ড্রামাতে দেখা মিলবে তাদের। মম ছবিটি মূলত একজন সৎমায়ের সঙ্গে মেয়ের কিরূপ সম্পর্ক, কিংবা সৎমাতা ও মেয়ের সম্পর্কের টানাপোড়েন নিয়ে ছবিটির চিত্রনাট্য লেখা হয়েছে।
শ্রীদেবী ও নওয়াজউদ্দিন ছাড়াও ছবিটিতে সৎমেয়ের চরিত্রে দেখা যাবে কমল হাসানের মেয়ে অক্ষরা হাসানকে। চলতি মাসের শেষের দিকে শুটিং করার প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা রবি ধিমান। যদিও এটিই তার প্রথম সিনেমা।
‘মম’ ছবিটি প্রযোজনা করছেন শ্রীদেবীর স্বামী বনি কাপুর। গৌরি সিন্ধের নির্মাণে ২০১২ সালে ‘ইংলিশ ভিংলিশ’ সিনেমায় অভিনয়ের পর গেল বছরে তামিল সিনেমা ‘পুলি’তে দেখা গিয়েছিল শ্রীদেবীকে।
অন্যদিকে অনেক বছর ধরে অভিনয়ের মধ্যে থাকলেও অভিনেতা হিসেবে নওয়াজউদ্দিন আলোচনায় আসেন ভারতের মেধাবী নির্মাতা অনুরাগ কাশ্যপের ‘গ্যাংস অব ওয়াসিপুর’ ছবির মধ্য দিয়ে। এরপর বেশ কিছু সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়াতে সক্ষম হন তিনি। গত বছরে নওয়াজ অভিনীত কবির খানের ‘বজরঙ্গি ভাইজান’ এবং কেতন মেহতার ছবি ‘মাঝি দ্য মাউন্টেন ম্যান’ ব্যাপক প্রশংসিত হয়। বর্তমানে শাহরুখ অভিনীত ‘রইস’ নামের একটি ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে শুটিং নিয়ে ব্যস্ত আছেন তিনি।
