গুগলের চালকবিহীন গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে গুগলের একটি স্ব-চালিত গাড়ির সঙ্গে একটি বাসের সংঘর্ষ হয়েছে। ১৪ ফেব্রুয়ারি গুগল সদরদপ্তরের কাছে মাউন্টেন ভিউতে ঘটনাটি ঘটেছিল এবং ওই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে বিবিসি।

গুগলের স্ব-চালিত গাড়ি দুর্ঘটনার ঘটনা এটাই প্রথম নয়। কিন্তু এর আগে অন্যদের কারণে দুর্ঘটনায় পড়লেও, এবার প্রথমবারের মতো নিজেই দুর্ঘটনার কারণ হয়েছে গাড়িটি।

দুর্ঘটনার সময় ঘন্টায় তিন কিলোমিটার বেগে চলমান গাড়িটি ঘন্টায় ২৪ কিলোমিটার বেগে ধাবমান একটি যাত্রীবাহী বাসের সামনে চলে আসে। গুগলের গাড়িতে থাকা একজন বলেছেন, তিনি ধারণা করেছিলেন বাসটি গতিবেগ কমিয়ে গাড়িটিকে যেতে দেবে, তাই তিনি গাড়িটির স্ব-চালিত কম্পিউটারে হস্তক্ষেপ করেননি। ফলে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষের ফলে ঘটনাটি ঘটে।

তবে এক বিবৃতিতে গুগল কর্তৃপক্ষ বলেছেন, ‘পরিষ্কারভাবেই এতে আমাদের কিছু দায় আছে, কারণ আমাদের গাড়িটি যদি ওইভাবে সামনে যেয়ে না পড়ত, তাহলে সংঘর্ষের ঘটনাই ঘটতো না। আমাদের পরীক্ষক চালকের ধারণা, বাসটি নিজ থেকে গতিবেগ কমাতে পারতো বা গাড়িটি চলে যাওয়ার জন্য জায়গা করে দিতে পারতো আর সে জন্য রাস্তার দুইধারে পর্যাপ্ত জায়গায়ও ছিল’।

গুগলের চালকবিহীন এই গাড়িগুলো যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে ১০ লাখ মাইলেরও বেশি পথ পাড়ি দিয়েছে। এসব পথ পাড়ি দিতে গিয়ে গাড়িগুলো ছোটখাটো কিছু ফেন্ডার বেন্ডারর্স (ছোটখাটো দুর্ঘটনা) এর শিকার হয়েছে। তবে প্রতিবারই এসব ফেন্ডার বেন্ডারর্সের ক্ষেত্রে সড়কের অন্যান্যরাই দোষী সাব্যস্ত হয়েছেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.