চট্টগ্রাম : পাহাড়তলী রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ফাঁড়িতে নিয়ে ডিবি পরিচয়ে স্বর্ণের দোকানের দুই কর্মচারীর কাছ থেকে ২০৫ ভরি গলানো স্বর্ণের পাত ছিনিয়ে নেয়ার ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার আরএনবির হাবিলদার মেজবাহ উদ্দিনকে দুই দিনের রিমান্ড নেয়ার আদেশ দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
বুধবার দুপুরে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান গতকাল করা সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
চট্টগ্রাম আদালতের জেলা পুলিশের ওসি মশিউর রহমান বিষয়টি জানিয়েছেন।
এরআগে চট্টগ্রাম জিআরপি থানার ওসি হিমাংশু দাশ রানা বলেছেন, ‘স্বর্ণ লুটের ঘটনায় আরএনবির হাবিলদার মেজবাহকে গ্রেপ্তারের পর তাকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছিল মঙ্গলবার। তবে আদালত শুনানি না করে তাকে জেল হাজতে পাঠিয়ে শুনানির জন্য বুধবার ঠিক করেন।’
গত সেমাবার রাতে বিশ্বকর্মা বুলিয়নের মালিক বিধান ধর মেজবাহর নাম উল্লেখ করে দু’জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। এই মামলায় আগে থেকে পুলিশ হেফাজতে থাকা মেজবাহকে গ্রেপ্তার করার পর রেলওয়ে নিরাপত্তা বাহিনী থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
উল্লেখ্য, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে পাহাড়তলী রেল স্টেশনের রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ফাঁড়িতে নিয়ে ডিবি পরিচয়ে স্বর্ণের দোকানের দুই কর্মচারীর কাছ থেকে ২০৫ ভরি গলানো স্বর্ণের পাত ছিনিয়ে নেয়ার অভিযোগ আনা হয়েছে। এসময় সেখানে উপস্থিত ফাঁড়ির ইনচার্জ আরএনবির হাবিলদার মেজবাহ উদ্দিন উপস্থিত ছিলেন। স্বর্ণের দোকানের কর্মচারীদের অভিযোগ, হাবিলদার মেজবাহর সহায়তায় ডিবি পরিচয়ে তল্লাশির নামে এসব স্বর্ণ ছিনতাই করা হয়েছে। অভিযোগ পেয়ে ডিবির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এর সত্যতা না পেয়ে বিষয়টি জিআরপির থানার কাছে হস্তান্তর করে গোয়েন্দা পুলিশ।

Comments are closed.