ঢাকা : দ্রব্যমূল্যের ক্রমাগত বৃদ্ধির প্রেক্ষাপটে সুষ্ঠু রেশনিং ব্যবস্থাই পারে শ্রমিক সমাজকে নিশ্চিন্তে দু-বেলা দু-মুঠো পেট পুরে খাবারের সুযোগ করে দিতে। এ প্রেক্ষিতে গার্মেন্টস শ্রমিকদের জন্য মাসিক ভিত্তিতে স্বল্পমূল্যে সরকারি ভর্তুকিসহ প্যাকেজ রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানিয়েছে সমমনা গার্মেন্টস শ্রমিক সংগঠনগুলো।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধন থেকে বলা হয়, দেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী গার্মেন্টস শিল্পে ৪৫ লাখ শ্রমিক -কর্মচারী কর্মরত। দ্রব্যমূল্যের ক্রমাগত বৃদ্ধির প্রেক্ষাপটে সুষ্ঠু রেশনিং ব্যবস্থাই পারে শ্রমিক সমাজকে নিশ্চিন্তে দু-বেলা দু-মুঠো পেট পুরে খাবারের সুযোগ করে দিতে।
এসময় আরো বলা হয়, যেহেতু আগামী ২০২১ সালে পোশাক রপ্তানিতে আয়ের লক্ষ্যমাত্রা ৫০ বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে, সেহেতু সরকারের যথাযথ পৃষ্ঠপোষকতা ও মালিক সমিতির সহায়তায় শ্রমিকদের চাহিদা পূরণ করলেই সরকার ঘোষিত এই রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন সহজেই সম্ভব হবে।
মানববন্ধন শেষে সাত সদস্যের একটি দল খাদ্য মন্ত্রণালয়ে গিয়ে খাদ্যমন্ত্রী বরাবর রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে স্বারকলিপি প্রদান করে।
বাংলাদেশ গার্মেন্টস জোটের সভানেত্রী রোকেয়া সুলতানা আঞ্জুর সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন- সংগঠনের কেন্দ্রীয় নেতা তৌহিদুর রহমান, আলমগীর রনি, মাহাতাব উদ্দিন সহিদ, আলী রেজা হায়দার প্রমুখ।

Comments are closed.