আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলি রাষ্ট্রদূতের সঙ্গে ডিনার করার অপরাধে মিশরের এক সাংসদের সদস্যপদ বাতিল করা হয়েছে। মাত্র দু মাস আগেই দেশের সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছিলেন ওকাশা। এ নিয়ে পার্লামেন্টে এক সাংসদ তাকে জুতা ছুড়ে মেরেছিল।
সাংসদ তৌফিক ওকাশাকে বহিষ্কারের ওপর আনীত প্রস্তাবের ওপর পার্লামেন্ট বুধবার ভোট অনুষ্ঠিত হয়। ভোটাভুটিতে ৪৬৫ জন সাংসদ অংশ নিয়েছিলেন বলে জানিয়েছেন স্পিকার আলী আবদেললাল। মিশরে পার্লামেন্টের মোট সদস্য সংখ্যা হচ্ছে ৪৯০ জন। বলা বাহুল্য তারা প্রস্তাবের পক্ষে ভোট দেন।
ইসরায়েলকে যে গুটিকয়েক আরব দেশ স্বীকৃতি দিয়েছে তাদের অন্যতম মিশর। ১৯৭৯ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে এক শান্তি চুক্তির আওতায় তেলআবিবকে স্বীকৃতি দিয়েছিল। তবে প্রতিবেশী দেশটির সঙ্গে কায়রোর সম্পর্ক তেমন উষ্ণ নয়। কায়রোর ইসরায়েলি দূতাবাসের রাষ্ট্রদূতের সঙ্গে মিশরের সরকারি কর্মকর্তারা নিরাপদ দূরত্ব বজায় রাখেন। অতীতে মিশরের এই আচরণ নিয়ে প্রতিবাদও জানিয়েছে দূতাবাসটি।
গত সপ্তাহে সাংসদ ও টিভি উপস্থাপক ওকাশা দাখালিয়া প্রদেশে তার নিজ বাড়িতে ইসরায়েলি রাষ্ট্রদূত হাইম কোরেনের সঙ্গে ডিনার করেন। শুধু ভোজ করেই তিনি ক্ষান্ত হননি। তাদের ওই ডিনার নিজের টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচারও করেছিলেন। এ ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠে মিশরের পার্লামেন্ট ও গণ মাধ্যম। পার্লামেন্টের অধিকাংশ সাংসদ তাকে বহিষ্কারের দাবি জানান। এ ঘটনায় গত রোববারের অধিবেশনে ওকাশার দিকে জুতা ছুড়ে মারেন কামাল আহমেদ নামের এক বিক্ষুব্ধ সাংসদ।
ওসাকার সদস্যপদ স্থায়ীভাবে বাতিলের জন্য বুধবার পার্লামেন্ট ভোট হয়। এর আগে তিনি পার্লামেন্টে প্রবেশ করে নিজের কৃতকর্মের জন্য সাংসদের কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করেন। কিন্তু তাকে পার্লামেন্টে প্রবেশ করতে দেয়া হয়নি। তিনি পার্লামেন্টের বাইরে বসে স্ক্রিনে ওই ভোটাভুটি দেখেন। কিন্তু এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে এ সপ্তাহের গোড়ার দিকে ওসাকা বলেছিলেন, ইসরায়েলি রাষ্ট্রদূতের সঙ্গে আহার করে তিনি কোনো ভুল করেননি।

Comments are closed.