আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি যাত্রী বোঝাই নৌকার ইঞ্জিনে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৬৫ জন আহত হয়েছেন।
শনিবার রাজধানীর পূর্বাঞ্চলীয় ওয়াট থেপলিলা পিয়ের এলাকায় নৌকাটিতে হঠাৎ করে আগুন ধরে যায়। ব্যাংককের বুক চিড়ে বেরিয়ে যাওয়া সায়েন সায়েব খালে ওই দুর্ঘটনা ঘটেছিল।
এসময় জলযানটিতে ৭০ জনের মত যাত্রী ছিল। আগুন লাগার পর তারা খালের পানিতে ঝাঁপিয়ে পড়ে। এ ঘটনায় কমপক্ষে ৬৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজন জাপানি এবং দুইজন মিয়ানমারের নারীও রয়েছেন। বাকিরা সবাই থাইল্যান্ডের নাগরিক।
পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর এবং অধিকাংশই পোড়া রুগী। তবে প্রাথমিক চিকিৎসার পর বেশিরভাগকেই ছেড়ে দেয়া হয়েছে। এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন ১৪ জন।
তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, জ্বালানি তেলের ট্যাঙ্কিতে ছিদ্র থাকার কারণেই এতে আগুন ধরে যায়।
ব্যাংককের খালগুলোতে ওয়াটার ট্যাক্সি নামে পরিচিত নৌকা চলাচল করে। ট্র্যাফিক জ্যামের এই শহরটিতে ওয়াটার ট্যাক্সি জনপ্রিয় বাহন। ব্যাংককে প্রচুর খাল থাকর করণেই এর আর এক নাম ‘ভেনিস অব ইস্ট’ বা পূবের ভেনিস।
২০১২ সালের তথ্যানুযায়ী প্রতিদিন ব্যাংককের এক লাখেরও বেশি মানুষ খালে চলাচলকারী নৌকা ব্যবহার করে।

Comments are closed.