চাঁদপুর: সদর উপজেলার বিষ্ণুপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নাছির উদ্দিন খান শামিমের মনোনয়ন স্থগিত করা হয়েছে। শামীম খানের জাতীয় পরিচয়পত্রের সাথে মনোনয়নপত্রের জন্মতারিখের গড়মিল থাকায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তার প্রার্থিতা স্থগিত রাখেন। এ ব্যাপারে রোববার (৬ মার্চ) সিদ্ধান্ত হবে বলে জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।
শনিবার (৫ মার্চ) চাঁদপুরে ইউপি নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রথম দিনের যাচাই-বাছাই শেষ হয়। ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে চাঁদপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে ১ জন, মেম্বার পদে ৯ জন ও সংরক্ষিত নারী মেম্বার পদে ২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সেই সাথে বিষ্ণুপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নাছির উদ্দিনের জন্মতারিখ সংক্রান্ত জটিলতায় প্রার্থিতা স্থগিত করা হয়।
সদর উপজেলায় যাচাই-বাছাইয়ে প্রার্থিতা বাতিল হয়েছে চেয়ারম্যান পদে রাজরাজেশ্বরের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী প্রধানিয়া এবং মেম্বার পদে বিষ্ণুপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের খোরশেদ বরকন্দাজ, ৬নং ওয়ার্ডের নুরু ফরাজী, ৭নং ওয়ার্ডের বাবলু দর্জি ও ৯নং ওয়ার্ডের আরেক প্রার্থী এবং একই ইউনিয়নের নারী মেম্বার পদে ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে লিপি সরকার, আশিকাটি ইউপির ৮নং ওয়ার্ডের নুরুল ইসলাম প্রধানিয়া, মৈশাদীর ২নং ওয়ার্ডের কামাল বেপারী, ৮নং ওয়ার্ডের হারুনুর রশীদ লিটন এবং রাজরাজেশ্বর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ফয়সাল বেপারী, ৮নং ওয়ার্ডের মো. হাফেজ দেওয়ান ও নারী মেম্বার পদে ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের বিলকিছ আক্তারের। মনোনয়নের সাথে কাগজপত্রে ত্রুটি থাকার কারণে এসব প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয় বলে জানান স্ব-স্ব রিটার্নিং কর্মকর্তারা।
চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ১৮টি ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৩১ মার্চ। ৫ মার্চ প্রথম দিনে চাঁদপুরের ৬টি ইউনিয়নের মনোনয়নপত্র সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পৃথক-পৃথকভাবে ৫ জন রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাচাই-বাছাই করা হয়। ইউনিয়নগুলো হচ্ছে- বিষ্ণুপুর, আশিকাটি, কল্যাণপুর, মৈশাদী, চান্দ্রা ও রাজরাজেশ্বর।
চাঁদপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল আজিজ জানান, প্রথম দিনের যাচাই-বাছাইয়ে ১ চেয়ারম্যান, ৯ মেম্বার ও ২ সংরক্ষিত নারী মেম্বারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া বিষ্ণুপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী নাছির উদ্দিন শামিম খানের জাতীয় পরিচয়পত্রের সাথে মনোনয়নপত্রে লেখা জন্মতারিখের গড়মিল হওয়ায় তার প্রার্থিতা স্থগিত রাখা হয়েছে।
উল্লেখ্য, চাঁদপুর সদর ও হাইমচরের ১৮ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ হাজার ৪১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৭৬ জন, সাধারণ মেম্বার পদে ৭৪৯ জন ও সংরক্ষিত নারী মেম্বার পদে ২১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
চাঁদপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ১২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। লক্ষ্মীপুর ও বালিয়া ইউনিয়নের সীমানা জটিলতায় নির্বাচন বন্ধ রয়েছে। এছাড়া হাইমচরের ৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষদিন রোববার (৬ মার্চ)। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ মার্চ এবং আগামী ৩১ মার্চ ১৮ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Comments are closed.