ঢাকা : ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল ও বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) সভাপতি এ এইচ এম কামরুজ্জামান খানের সহধর্মিণী সৈয়দা রিফাত আরা আহসানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জোটনেত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সৈয়দা রিফাত আরা আহসান শুক্রবার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে ২ পুত্র, ২ কন্যা ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার বিকেলে গণমাধ্যমে দেয়া এক শোকবাণীতে খালেদা জিয়া বলেন, ‘সৈয়দা রিফাত আরা আহসানের মৃত্যুতে মরহুমার পরিবার-পরিজন ও এলাকাবাসীর মতো আমিও গভীরভাবে শোকাহত।’
শোকবাণীতে বিএনপির চেয়ারপারসন মরহুমা সৈয়দা রিফাত আরা আহসানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জানান।
অপর এক শোকবাণীতে সৈয়দা রিফাত আরা আহসানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যবর্গ ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করেন ২০ দলীয় জোটের সমন্বয়ক ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে, পৃথক শোকবাণীতে এএইচএম কামরুজ্জামান খানের স্ত্রী সৈয়দা রিফাত আরা আহসানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মরহুমার রুহের মাগফেরাত কামনা ও শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ২০ দলীয় জোটের নেতারা। তারা হলেন-জাগপা সভাপতি শফিউল আলম প্রধান ও সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতিক ও মহাসচিব এম এম আমিনুর রহমান, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গাণি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ও মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি।

Comments are closed.