বগুড়ার শিবগঞ্জে নির্বাচনী সহিংসতায় আ:লীগ কর্মী নিহত

বগুড়া: শিবগঞ্জে নির্বাচনী সহিংসতায় মাহাতাব আলী (৫৫) নামে আওয়ামী লীগের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনার জের ধরে আওয়ামী লীগ কর্মীরা বিএনপি প্রার্থীর নির্বাচনী অফিসে আগুন দিয়েছে।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নে জামতলা বাজারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে রাতেই পুলিশ পঞ্চদাস গ্রামের গোলাম রহমান (৩৫) নামে একজনকে আটক করেছে।

সহিংসতায় নিহত মাহাতাব আলী বুড়িগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আব্দুল গফুর মণ্ডলের ভাগিনা এবং পল্লী বিদ্যুৎ সমিতির স্থানীয় পরিচালক। তিনি একই ইউনিয়নের খাদইল গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, রাতে জামতলা বাজারে মাহাতাব আলী তার মামা আব্দুল গফুরের পক্ষে নির্বাচনী কাজ করছিলেন। এ সময় বিএনপি সমর্থিত প্রার্থী ওবায়দুর রহমানের সমর্থকদের সাথে বিরোধ দেখা দেয়। এর এক পর্যায়ে বিএনপি প্রার্থীর কর্মীরা মাহাতাব আলীকে মারপিট শুরু করে এবং তার ডান হাতে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিলে হাত বিচ্ছিন্ন হয়ে পড়ে। মাহাতাব আলীকে উদ্ধার করতে গেলে আওয়ামী লীগের আরো দুই কর্মী আহত হয়। পরে স্থানীয় লোকজন মাহাতাব আলীকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার।

এদিকে মাহাতাব আলীর মৃত্যুর খবর পেয়ে খাদইল ও জামতলা গ্রামে আওয়ামী লীগ কর্মীরা বিএনপি সমর্থিত প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সহিংসতা এড়াতে জামতলা ও খাদুলী গ্রামে পুলিশ মোতায়েন করা হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.