চট্টগ্রাম বন্দর থেকে পণ্যবাহী জাহাজ ভারত যাচ্ছে

চট্টগ্রাম : বাংলাদেশ-ভারত কোস্টাল শিপ প্রটোকল চুক্তির আওতায় পণ্যবাহী প্রথম জাহাজ ভারত যাচ্ছে। দেশে তৈরি হারবার-১ জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে পণ্য নিয়ে আজ মঙ্গলবার ভারতের পূর্বাঞ্চলীয় বন্দর কৃঞ্চাপাটনামের উদ্দেশে রওনা দেবে।

মঙ্গলবার সকালে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন নৌমন্ত্রী শাজাহান খান।

চট্টগ্রাম বন্দরের এনসিটি-১ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন মাদারিপুর-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য নুর-ই-আলম চৌধুরী, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের সংসদ সদস্য এমএ লতিফ এমপি, ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শৃংলা, নৌ মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়।

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক জানান, বাংলাদেশ-ভারত কোস্টাল শিপিং চুক্তির আওতায় বাংলাদেশ থেকে পণ্য নিয়ে প্রথম জাহাজ চট্টগ্রাম বন্দর থেকে ভারতের উদ্দেশ্যে যাত্রা করবে। দেড়শ খালি কনটেইনার নিয়ে ১৭৬ টিইউএস ধারণ ক্ষমতার বাংলাদেশি এই কনটেইনার জাহাজটি আগামী ২২ মার্চ কৃষ্ণপতনম বন্দরে পৌঁছবে। ২৩ মার্চ সেখান থেকে তুলা, টায়ার, টেক্সটাইলসহ অন্যান্য কাঁচামাল নিয়ে জাহাজটি ২৫ মার্চ চট্টগ্রাম বন্দরে পৌঁছবে।

এম ভি হারবার ওয়ান জাহাজের স্থানীয় এজেন্ট সুত্রে জানা যায়, চট্টগ্রাম বন্দরে রেজিস্ট্রেশনকৃত হারবার ওয়ান জাহাজটি বাংলাদেশে নির্মিত প্রথম কনটেইনার জাহাজ। এটির নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.