সিরিয়া থেকে রুশ সেনাদের প্রত্যাহারের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার হঠাৎ করেই সিরিয়া থেকে রুশ সেনাদের প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার থেকে রুশ সেনারা দেশে ফিরতে শুরু করবে বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা স্পুটনিক জানিয়েছে।

সোমবার সেনা প্রত্যাহারের ওই ঘোষণা দেয়ার সময় পুতিন বলেন,‘আমি মনে করি, আমাদের সশস্ত্রবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সিরিয়ায় তাদের লক্ষ্য অর্জনে সফল হয়েছে। এ কারণেই আমি প্রতিরক্ষা মন্ত্রালয়কে আগামীকাল (মঙ্গলবার) সিরিয়া থেকে রুশ সেনাদের দেশে ফিরিয়ে নেয়ার কাজ শুরু করার নির্দেশ দিয়েছি।’

রাশিয়া এমন এক সময়ে সেনা প্রত্যাহারের ঘোষনা দিল যখন যুদ্ধবিধ্বস্ত দেশটিতে শান্তি প্রতিষ্ঠা নিয়ে জাতিসংঘের মধ্যস্থতায় জেনেভায় আলোচনায় মিলিত হয়েছে সিরিয়ার সরকারি ও বিরোধী দল।

এই ঘোষণার আগে সিরিয়ার প্রেসিডেন্ট বশির আল আসাদের সঙ্গে টেলিফোনে কথা বলেন পুতিন। ক্রেমলিন বলছে, দুই নেতা সিরিয়ায় সন্ত্রাসবাদের বিরুদের বিরুদ্ধে রুশ বিমান বাহিনীর পরিচালিত অভিযানের নানা দিক নিয়ে আলোচনা করেন। এরপরই সিরিয়ায় রাশিয়ার সামরিক মিশন সফল হওয়ার ঘোষণা দেন তিনি।

সিরিয়া নিয়ে সোমবার তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গেও টেলিফোনে কথা বলেছেন বলে সিএনএন জানিয়েছে।

গতবছরের সেপ্টেম্বরে সিরিয়ায় বিমান হামলা শুরু করেছিল রাশিয়া। তারা গত পাঁচ বছর ধরে চলা গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বশির আল আসাদকে সহায়তা করার জন্যই দেশটিতে ওই হামলা শুরু করেছিল।

এ বিভাগের আরও খবর

Comments are closed.