চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) তে শুরু হয়েছে চট্টগ্রামের সর্ববৃহৎ বিতর্ক কর্মশালা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস)’র আয়োজনে চবি ক্যাম্পাসে সোমবার এই কর্মশালা শুরু হয়। এবাবের কর্মশালায় বিশ্বিবিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে মোট ৬৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।
সিইউডিএস’র নিয়মিত বিতর্ক কর্মশালার এই দ্বাদশ আয়োজনে নতুন সংযোজন হিসেবে থাকছে পাবলিক স্পিকিং বা জনসম্মুখে বক্তৃতা প্রদানের উপর প্রশিক্ষণ। সোমবার থেকে শুরু হওয়া মাসব্যাপী এই কর্মশালায় বাংলা সংসদীয় বিতর্ক, সনাতনী বিতর্ক, ইংরেজি ব্রিটিশ পার্লামেন্টারি ও এশিয়ান পার্লামেন্টারি বিতর্কের খুঁটিনাটি নিয়মকানুনের ওপর প্রশিক্ষণ দেবেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খ্যাতিমান বিতার্কিকবৃন্দ। তাত্ত্বিক প্রশিক্ষণের পাশাপাশি থাকছে গ্রুমিং সেশন, যেখানে নবীন বিতার্কিকদের জড়তা এবং লোকভীতি কাটাতে সাহায্য করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেরা বিতার্কিকরা। কর্মশালার শেষে অংশগ্রহণকারীদের নিয়ে অনুষ্ঠিত হবে নবীন বিতর্ক প্রতিযোগিতা এবং পরীক্ষার মাধ্যমে সবাইকে সার্টিফিকেট দেওয়া হবে।
কর্মশালার বিষয়ে সিইউডিএস’র সভাপতি কাজী জাওয়াদ বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ও মুক্তবুদ্ধি চর্চা আন্দোলনের অগ্রপথিক হিসেবে নব্বইয়ের দশক থেকেই নেতৃত্ব দিয়ে যাচ্ছে সিইউডিএস। অংশগ্রহণকারীদের আত্ম উন্নয়ন ও বিকাশে কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ বিভাগের আরও খবর

Comments are closed.